পাখি শিকার করে ছাত্র-যুবলীগের বনভোজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার সোনাপুর এলাকায় পাখি শিকার করে বনভোজন করলেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। স্থানীয় লোকজনের ভাষ্য, শিকার করা এসব পাখি শীতের অতিথি পাখি। তবে ইউনিয়ন যুবলীগের সভাপতি খালেকুজ্জামান প্রথমে পাখির বিষয়টি অস্বীকার করলেও পরে বলেন কোয়েল পাখি।

গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের সোনাপুর বাজারে যুবলীগ সভাপতি খালেকুজ্জামানের কার্যালয়ে এই বনভোজন হয়। এতে অংশ নেওয়া এক ছাত্রলীগ নেতা তাঁর ফেসবুক পেজে পাখি দিয়ে বনভোজনের খবরটি প্রকাশও করেছেন।

ওই বাজারের আশপাশে তিনটি বিল রয়েছে। শীত আসার সঙ্গে সঙ্গে সেখানে পানকৌড়ি, বেলে হাঁস, বকের মতো বিভিন্ন অতিথি পাখি আসতে শুরু করেছে।

সোনাপুর বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম না প্রকাশের শর্তে জানান, প্রতিবারের মতো দয়ারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খালেকুজ্জামান, সাধারণ সম্পাদক আবু হানিফ ও ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক আবদুর রশিদের উদ্যোগে তাঁদের নেতা-কর্মীরা গতকাল সারা দিন ধরে আশপাশের বিলে নানা প্রজাতির প্রায় ১৮ থেকে -২০টি অতিথি পাখি শিকার করেন। রাতে খালেকুজ্জামানের দলীয় কার্যালয়ে এসব পাখির মাংস দিয়ে বনভোজনের আয়োজন করা হয়। খিচুড়ি আর পাখির মাংস খেয়ে গভীর রাত পর্যন্ত তাঁরা আনন্দ-উল্লাস করেন।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রশিদ তাঁর ফেসবুক পেজে ‘প্রতিবছরের ন্যায় এবারও পালিত হলো পাখি শিকার করে পিকনিক’ শিরোনামে বনভোজনের ছবি প্রকাশ করেন। এতে খিচুড়ির সঙ্গে রান্না করা পাখির ছবিও দেখা যায়।

এ ব্যাপারে খালেকুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বনভোজনের কথা শিকার করেন। তবে পাখি শিকারের বিষয়টি অস্বীকার করে বলেন, ছেলেরা মজা করে ফেসবুকে পাখির কথা উল্লেখ করেছে। ছবিতে খাবারের প্লেটে রান্না করা পাখির মাংস দেখা যাওয়ার কথা বললে তিনি জানান, ওটা অতিথি পাখি নয়, কোয়েল পাখি।

পাখি হত্যা করে বনভোজন করা অত্যন্ত গর্হিত কাজ উল্লেখ করে নাটোর জেলা ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান জানান, বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরহাদ আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বন্য প্রাণী শিকার এমনিতেই দণ্ডনীয় অপরাধ। তারপরও বন্য প্রাণী হত্যা ও বনভোজন করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে বড় ধরনের অপরাধ করা হয়েছে। বিষয়টি অনুসন্ধান করে বন্য প্রাণী আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর ৩৮-এর (১) অনুযায়ী, কোনো ব্যক্তি তফসিল ১ ও ২-এ উল্লিখিত কোনো পাখি বা পরিযায়ী পাখি হত্যা করলে তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন এবং উক্ত রূপ অপরাধের জন্য তিনি সর্বোচ্চ ১ (এক) বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ১ (এক) লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন এবং একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ ২ (দুই) বছর পর্যন্ত কারাদণ্ড অথবা সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।