পাখি শিকারির কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গতকাল বুধবার সাজ্জাদ হোসেন (২৮) নামের এক পাখি শিকারি ও বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁর বাড়ি উপজেলার ভট্টপাড়া গ্রামে। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোরে রাজশাহী বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের উদ্ধারকারী দল নলডাঙ্গার মাধনগর রেলস্টেশনসংলগ্ন এলাকা থেকে সাজ্জাদকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে জবাই করা ১৪টি বুলবুলি পাখি ও পাঁচটি জীবিত বাবুই উদ্ধার করা হয়। পরে নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার জাহান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে সাজ্জাদকে ওই দণ্ড দেন।