পাখি শিকারে পানির ওপরে নিচে জালের ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শীত মৌসুম শুরু হতেই মৌলভীবাজারের হাইল হাওরের বিভিন্ন বিল ও জলাভূমিতে পাতা হয়েছে জালের ফাঁদ। এই ফাঁদে আটকা পড়ছে পরিযায়ী ও দেশীয় পাখি। জালে আটকা পড়ার ভয়ে পরিযায়ী পাখির দল স্থান বদল করে।

এক দিনের অভিযানেই হাইল হাওরের কিছু এলাকা থেকে প্রায় ১৫ হাজার বর্গফুট জাল এবং জালে আটকা জীবিত ও মৃত ১৩টি দেশীয় পাখি উদ্ধার করা হয়েছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও স্থানীয় সূত্রে জানা গেছে, পানি কমে যাওয়া এবং শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সদর উপজেলাজুড়ে বিস্তৃত হাইল হাওরের বিভিন্ন বিল, জলাভূমি এবং শুকনো স্থানে জালের ফাঁদ পেতেছেন শিকারিরা। এই মৌসুমে হাজার হাজার পরিযায়ী পাখি, হাইল হাওরের পাখি এসে আশ্রয় নেয় মাছের অভয়াশ্রম বাইক্কা বিলে। পাখিরা রাতে খাবারের সন্ধানে বাইক্কা বিল থেকে হাইল হাওরের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে। তখন এসব জালে আটকা পড়ে পাখি। এ ছাড়া কিছু মৎস্যজীবীও অবৈধভাবে ঘেরজাল দিয়ে হাওরের বিভিন্ন বিল এলাকা ঘেরাও দিয়ে রাখেন। এসব ঘেরজালের কারণে পানির নিচে ডুবসাঁতারের সময়ও পাখিরা জালে আটকা পড়ছে।

বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২ জানুয়ারি হাইল হাওরে যৌথ অভিযান চালায়। তারা হাইল হাওরের বৌলাশি, ভুনবীর, পশ্চিম ভাড়াউড়া, বাইক্কা বিল, লালের ডোবা, চণ্ডিবিল, উকিলবেরি, কুলিমারা, নাস্তাডোবা, খাগাউড়াসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পেতে রাখা টুকরো দেড় শ জাল উদ্ধার করে। এই জালের পরিমাণ প্রায় ১৫ হাজার বর্গফুট।এ সময় জালে আটকা ফিঙে, খঞ্জনি, মুরগি ওটা, চেগা, বাদুড়সহ ১৩টি দেশীয় জীবিত ও মৃত পাখি উদ্ধার করা হয়। জীবিত পাখিগুলো তাৎক্ষণিকভাবে হাওরে অবমুক্ত করে দেওয়া হয়েছে। পরে উদ্ধার করা এসব জাল পুড়িয়ে ফেলা হয়।

বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব প্রথম আলোকে বলেন, উদ্ধার করা জালগুলো শিকারিরাই পেতেছিল। এগুলো পানির তিন-চার ফুট ওপরে পাতা। উচ্চতায় প্রায় আট থেকে দশ ফুট। অনেক স্থানে শুধু বাঁশের খুঁটি পাতা দেখা গেছে। হয়তো অভিযান টের পেয়ে জাল তুলে নিয়ে যাওয়া হয়েছে। হাওরে আরও অনেক জাল রয়েছে। এক-দুই দিনে তো সবখানে যাওয়া সম্ভব নয়।

শ্রীমঙ্গল বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, ‘হাওরজুড়ে জাল আর জাল। মনে হয় জাল দিয়ে হাওর দখলের প্রতিযোগিতা চলছে। এমনকি পাখি ও মাছের অভয়াশ্রম বাইক্কা বিল এলাকাতেও জাল দেখা গেছে। এভাবে জাল থাকলে হাওরে পাখি আসবে না। জাল দেখলে পাখি ভয় পায়। দলের এক-দুইটা যদি জালে আটকা পড়ে, তাহলে সাথের পাখিগুলো ভয়ে এলাকা ছেড়ে যায়।’