পাখি শিকারের দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারে দুটি বড় প্রজাতির সাদা বকসহ এক শিকারিকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার জৈন্তাপুরের দরবস্ত বাজারে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই শিকারিকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. শহিদুল ইসলাম শিকারি দরবস্ত ইউনিয়নের ফান্দু গ্রামের আবদুস সাত্তারকে (২৫) পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেন। রাত আটটার দিকে বক দুটিকে অবমুক্ত করা হয়।
জৈন্তাপুর থানার এসআই বিনয় ভূষণ রায় বলেন, শীত মৌসুম সামনে রেখে বিভিন্ন বিল-জলাশয়ে ফাঁদ পেতে বকসহ নানা প্রজাতির পাখি শিকার চলে। সন্ধ্যাবেলায় পাখিগুলো ঘরে ফেরার সময় শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে। এরপর তাৎক্ষণিক তাদের হাটে বিক্রি করা হয়। দরবস্ত বাজারে এ রকম পাখি কেনাবেচা হয় খবর পেয়ে শুক্রবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। সে সময় সাত্তারকে হাতেনাতে ধরা হয়। পাখি শিকার ও বিক্রি আইনত নিষিদ্ধ হওয়ার পরও এ কাজ করায় তাঁকে দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।