পাখিগুলোর কী দোষ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত রাতে (বৃহস্পতিবার) পাখিগুলোকে খাবার দিয়ে ঘুমাতে যাই। আজ (গতকাল শুক্রবার) ভোরে খাবার দিতে গিয়ে দেখি খামারের ৮৫০টি কোয়েলই মরে পড়ে আছে। শত্রুতা করে বিষ প্রয়োগ করে পাখিগুলোকে মেরে ফেলা হয়েছে।’
বলছিলেন খাগড়াছড়ির দীঘিনালার মাস্টারপাড়া এলাকায় কোয়েল পাখির খামারের মালিক মো. জাবেদ। গতকাল সকালে তাঁর খামারের ৮৫০টি কোয়েল মৃত অবস্থায় পাওয়া যায়।
গতকাল সকালে জাবেদের খামারে গিয়ে দেখা যায়, মৃত কোয়েলের দেহ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। জাবেদ বলেন, তিন মাস আগে তিনি ৫০ হাজার টাকা ঋণ নিয়ে ১ হাজার ২০০ কোয়েল কিনে খামার শুরু করেন। এর মধ্যে কিছু পাখি বিক্রি করেছেন। এরপর খামারে কোয়েল ছিল ৮৫০টি। এর মধ্যে ২৫০টি পাখি ডিম দিত। প্রতিটি ডিম ৪ টাকা করে বিক্রি করতেন। ডিম বিক্রির টাকায় তাঁর সংসার চলত।
জাবেদ বলেন, খামার নিয়ে তাঁর সঙ্গে এক ব্যক্তির শত্রুতা ছিল। সে খামার ধ্বংসের হুমকিও দিয়েছিল।
দীঘিনালা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. জালাল বলেন, বিষ প্রয়োগ করে কোয়েলগুলোকে মেরে ফেলা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।