পাচার হওয়া আরও ৯ জন কাল ফিরছেন
সমুদ্রপথে পাচারের শিকার আরও নয়জন বাংলাদেশি কাল বুধবার মালয়েশিয়া থেকে দেশে ফিরবেন। এর আগে ৪৯৭ জন বাংলাদেশি দেশটি থেকে ফিরেছেন।
আগামীকাল যাঁরা ফিরবেন তাঁরা হলেন যশোরের মো. ইসলাম, মো. আজিম, রফিকুল ইসলাম, ঝিনাইদহের মনির হোসেন, কক্সবাজারের সেলিম উদ্দিন, চুয়াডাঙ্গার আলিম, সুনামগঞ্জের আলী আমজাদ, নরসিংদীর মো. আপন ও ফেরুবা।
মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) শাহিদা সুলতানা মঙ্গলবার প্রথম আলোকে জানান, বুধবার দুপুরে তাঁরা মালয়েশিয়া থেকে রওনা হবেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকায় আসবেন। এই নয়জন ফিরলে মালয়েশিয়া থেকে দেশে ফেরা মোট বাংলাদেশির সংখ্যা দাঁড়াবে ৫০৬ জনে। এ ছাড়া এখনো ফেরার অপেক্ষায় আছেন ১৯২ জন।
অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় গত ১১ মে মালয়েশিয়ার লংকাবি দ্বীপের উপকূল থেকে হাজার খানেক অভিবাসীকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে ৭১৬ জনকে বাংলাদেশি বলে চিহ্নিত করা যায়। ওই ৭১৬ জনের নামের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে পাঠানো হয়। এরপর তাঁদের পরিচয় সম্পর্কে যাচাইবাছাই করে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।