পাচার হওয়া টাকার কোনো কূলকিনারা নেই
পাচার হওয়া অর্থ আদায়ে কোনো সফলতা দেখাতে পারছে না বাংলাদেশ। কারা অর্থ পাচার করছে, তা–ও জানা নেই। বাংলাদেশের আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) তদন্তে বেশ কিছু অর্থ পাচারের ঘটনা ধরা পড়লেও কোনো অগ্রগতি হচ্ছে না। দুর্নীতি দমন কমিশনও (দুদক) নতুন করে কোনো অর্থ ফেরত আনতে পারছে না। মূলত কারা অর্থ পাচার করে, তা জানতে কোনো পদক্ষেপই নেয়নি কেউ।
সবশেষ ২০১৩ সালে বিএনপির চেয়ারপারসনের ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমানের পাচার করা প্রায় ২০ কোটি টাকা ফেরত আনে দুদক। এরপর নতুন করে আর কারও অর্থ ফেরত আনার কোনো প্রক্রিয়াই নেওয়া হয়নি। ফলে পাচার করা অর্থ উদ্ধার কার্যক্রম মূলত থমকেই গেছে।
২০১৬-১৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেছিলেন, বিদেশে অর্থ পাচার এখন নিয়মিত আন্তর্জাতিক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ডে একটি স্বতন্ত্র ইউনিট গঠনের ঘোষণাও ছিল। তবে সময় গড়িয়েছে, কোনো স্বতন্ত্র ইউনিট গঠিত হয়নি। ফলে আরও বেড়েছে অর্থ পাচারের ঘটনা।
এর মধ্যে গত মঙ্গলবার সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা পাচার নিয়ে গণমাধ্যমে প্রচারিত সংবাদকে ‘অতিশয়োক্তি’ বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে অর্থমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে ব্যাংকের মাধ্যমে যে লেনদেন হয়, তা উল্লেখযোগ্যভাবে বেড়েছে, বাস্তবে এটি মোটেই অর্থ পাচার নয়। অর্থমন্ত্রীর দাবি, সাংবাদিকেরা ‘অত্যন্ত অন্যায়ভাবে’ বিষয়টিকে পাচার বলছেন। তবে কিছু অর্থ পাচার হয়। সেটি অতি যৎসামান্য। এটা নজরে নেওয়ার মতোই নয়।
সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক সম্প্রতি যে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে বলা হয়েছে ২০১৬ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ থেকে জমা হওয়া অর্থের পরিমাণ ছিল ৬৬ কোটি ১৯ লাখ সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় বিনিময় করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৫৬০ কোটি টাকা (বাংলাদেশি মুদ্রায় এক সুইস ফ্রাঁর বিনিময়মূল্য ৮৪ টাকা)। ২০১৫ সালে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশ থেকে জমার পরিমাণ ছিল প্রায় ৫৫ কোটি সুইস ফ্রাঁ, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল প্রায় ৪ হাজার ৬২৭ কোটি টাকা। সেই হিসাবে আগের বছরের চেয়ে এ জমার পরিমাণ প্রায় ১ হাজার কোটি টাকা বা ২০ শতাংশ বেড়েছে।
অর্থমন্ত্রী সংসদে যে তথ্য প্রকাশ করেন, তা তৈরি করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউ। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে বিএফআইইউ। এ প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে যে অর্থ জমা হয়েছে, তার ৯৩ শতাংশ দেশীয় ব্যাংকগুলোর। বাকি ৭ শতাংশ জমা হয়েছে ব্যক্তি হিসাবের মাধ্যমে। তবে এটি প্রবাসী না নিবাসী কার মাধ্যমে জমা হয়েছে, তা নিশ্চিত নয়। উপরন্তু ২০১৬ সালে বাংলাদেশি হিসাবধারীদের জমার পরিমাণ ৭ শতাংশ কমেছে। ২০১৬ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশি ব্যাংকগুলোর জমার পরিমাণ ছিল ৫ হাজার ১৬০ কোটি টাকা। এর সবই ব্যবসা-বাণিজ্যের কারণে জমা রয়েছে। আর বাংলাদেশিদের জমা ছিল ৩৯৯ কোটি টাকা।
যদিও বাংলাদেশ ব্যাংকের আমদানি-রপ্তানি তথ্য বলছে, ২০১৬ সালে সুইজারল্যান্ডকে ৩ হাজার ৬৮৭ কোটি টাকার আমদানি দায় পরিশোধ করেছে বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশ রপ্তানি আয় করে মাত্র ১ হাজার ২২ কোটি টাকা। সে হিসাবে বাংলাদেশি ব্যাংকগুলোর জমা থাকা অর্থের সঙ্গে আমদানি-রপ্তানি তথ্যের মিল নেই।
এ বিষয়ে বিএফআইইউর প্রধান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, বাংলাদেশের বাইরেও অনেকে প্রবাসী ব্যবসা-বাণিজ্য করছেন। তাঁদের হিসাবও এ তথ্যে এসেছে। এ কারণে জমা টাকার পরিমাণ বেশি দেখাচ্ছে। বাংলাদেশি পাসপোর্টধারী সবার হিসাব ওই প্রতিবেদনে এসেছে।
তবে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, বাংলাদেশের সঙ্গে তো সুইজারল্যান্ডের ব্যবসা-বাণিজ্য খুব বেশি না। ব্যবসা-বাণিজ্যের কারণে টাকা জমা থাকলে তো আমেরিকার ব্যাংকগুলোকে আরও বেশি জমা হবে। তিনি প্রশ্ন তোলেন, যাঁরা সুইস ব্যাংকগুলোতে টাকা রাখছেন, তাঁদের কেউ ভালো উদ্দেশ্যে কি টাকা জমা করছেন? তাঁদের অর্থের উৎস কী? বাংলাদেশ ব্যাংককে এসব বের করতে হবে। বৈধভাবে আয় করেন এমন বাংলাদেশি কেন সুইস ব্যাংকগুলোতে টাকা রাখতে যাবেন। তাঁরা তো দেশের ব্যাংকগুলোতে টাকা রাখবেন, প্রবাসী বন্ড কিনবেন।
এদিকে ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির (জিএফআই) তথ্যমতে, বাংলাদেশ থেকে ২০১৪ সালে প্রায় ৯১১ কোটি ডলার পাচার হয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ৭২ হাজার ৮৭২ কোটি টাকা। আমদানি-রপ্তানির সময়ে পণ্যের প্রকৃত মূল্য গোপন করার মাধ্যমেই এই অর্থের বড় অংশ পাচার করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।
আমদানি-রপ্তানির আড়ালে দেশ থেকে প্রতিবছরে বিপুল অঙ্কের অর্থ পাচারের ঘটনায় বিএফআইইউ সক্ষমতা প্রশ্নের মুখে পড়েছে। অর্থ পাচার ঠেকাতে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় এ ইউনিটের কার্যক্রম নিয়েও প্রশ্ন উঠেছে। সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে থাকা বাংলাদেশিদের টাকার খবর বের করতেও কোনো সফলতা দেখাতে পারেনি এ ইউনিট। যদিও ভারত সরকারকে তাদের ব্যাংকগুলোতে থাকা অর্থের তথ্য দিতে রাজি হয়েছে সুইজারল্যান্ড।
আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা টাকার পরিমাণ কমছে, এটাই বড় স্বস্তির। বাকি সবই জমা হয়েছে ব্যাংকিং চ্যানেলে। তবে সুইস ব্যাংকগুলোতে কারা টাকা রাখছে তা জানা যায়নি। জিএফআই প্রতিবেদন প্রসঙ্গে রাজী হাসান বলেন, ‘আমরা তাদের গণনার সঙ্গে একমত নই। তবে আমরা অর্থ পাচারের ঘটনা তদন্ত করে দুদকে পাঠাচ্ছি। তারাই অর্থ ফেরত আনার উদ্যোগ নেবে।’
কেন্দ্রীয় ব্যাংক সূত্রগুলো বলছে, বাণিজ্য অর্থায়নের মাধ্যমে দেশ থেকে কী কী উপায়ে টাকা পাচার হচ্ছে, তার কোনো সমীক্ষা বা গবেষণা নেই। ফলে কোনো নির্দেশনাও দিতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এ জন্য আমদানি-রপ্তানির আড়ালে বাংলাদেশ থেকে কী কী উপায়ে অর্থ পাচার হয়, তা জানতে কাজ শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের মহাব্যবস্থাপক মো. কবির আহাম্মদকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। কীভাবে অর্থ পাচার হয়, তা সমীক্ষা করে প্রতিরোধে একটি নীতিমালা প্রণয়ন করবে এ কমিটি।