পাচার হচ্ছে চলনবিলের কচ্ছপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিকা​িরদের কাছ থেকে উদ্ধার  করা একটি কচ্ছপ
শিকা​িরদের কাছ থেকে উদ্ধার করা একটি কচ্ছপ

চলনবিলবিস্তৃত পাবনা, সিরাজগঞ্জ, নাটোর ও রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে অবাধে কচ্ছপ শিকার করে বিদেশে পাচার করা হচ্ছে।
গত কয়েক মাসে বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের রাজশাহী কার্যালয় এসব এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০ মণ কচ্ছপ জব্দ করেছে। পাশাপাশি কচ্ছপ শিকারের দায়ে ১৭ জনকে বিভিন্ন ধরনের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২০১২ সালের ১০ জুলাই প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে কচ্ছপকে বন্য প্রাণী হিসেবে গণ্য করা হয়েছে। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২-এর ৬ ও ৩৪ ধারায় বলা হয়েছে, অনুমোদন ছাড়া বন্য প্রাণী শিকার, সংগ্রহ ও আমদানি-রপ্তানি করা যাবে না। এ নিয়ম না মানলে তা অপরাধ হিসেবে গণ্য হবে।
পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান আবদুল মতিন বলেন, পৃথিবীর প্রতিটি প্রাণীই কোনো না কোনোভাবে উপকারী। কচ্ছপ একটি সরীসৃপ-জাতীয় প্রাণী। এ-জাতীয় প্রাণী ফসলের মাঠের বিভিন্ন ক্ষতিকারক পোকামাকড় ও জলজ আগাছা খেয়ে প্রকৃতির ভারসাম্য রক্ষা করে।
বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের রাজশাহী কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, এখন কচ্ছপের প্রজনন সময় চলছে। এ সময় নিধন হলে প্রাণীটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

কোঁচ নামের এসব অস্ত্র দিয়ে শিকার করা হয় কচ্ছপ
কোঁচ নামের এসব অস্ত্র দিয়ে শিকার করা হয় কচ্ছপ


চলনবিলসংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষা মৌসুমে চলনবিলে পর্যাপ্ত পানি থাকায় জলজ প্রাণীগুলো স্বচ্ছন্দে বিলে চলাফেরা করতে পারে। কিন্তু শুকনো মৌসুমে যখন বিল থেকে পানি নেমে যায়, তখন তারা সমস্যায় পড়ে যায়। বিলের পানি শুকিয়ে গেলে প্রাণীগুলো বিল অঞ্চলের বিভিন্ন খাল ও পুকুরে আশ্রয় নেয়। আর এ সুযোগে একশ্রেণির অসাধু চক্র রাতের অন্ধকারে কচ্ছপসহ বিভিন্ন জলজ প্রাণী শিকার করে পাচার করে। বর্তমানে চক্রটি চলনবিলবিস্তৃত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর; নাটোরের গুরুদাসপুর, সিংড়া; সিরাজগঞ্জের তাড়াশ এবং নওগাঁর আত্রাই এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন প্রজাতির প্রচুর কচ্ছপ শিকার করছে।
কয়েকজন কচ্ছপশিকারি ও ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিলের পানি শুকানোর সময় ফসলের মাঠে জমে থাকা ছিপছিপে পানিতে ও ধানের জামিতে প্রচুর কচ্ছপ আশ্রয় নেয়। তখন খুব সহজেই কচ্ছপ ধরা যায়। এ ছাড়া ছোট ছোট পুকুর ও খালে কচুরিপানার নিচেও কচ্ছপ আশ্রয় নেয়। কোঁচ দিয়ে কচ্ছপগুলো ধরা হয়। বিল থেকে শিকার করা কচ্ছপের প্রতি কেজি ৫০০ থেকে ৭০০ টাকা দরে বিক্রি হয়। পাইকারেরা এগুলো কিনে ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, কম্বোডিয়া, ভিয়েতনামসহ বিভিন্ন দেশে পাচার করেন। বিদেশে প্রতি কেজি কচ্ছপ বাংলাদেশি চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হয় বলে তাঁরা শুনেছেন।
বন্য প্রাণী সংরক্ষণ ও প্রকৃতি ব্যবস্থাপনা বিভাগের রাজশাহী কার্যালয় থেকে জানা গেছে, কচ্ছপ শিকার ও পাচার রোধে বিভাগের কর্মকর্তারা আষাঢ় মাসের শুরু থেকে চলনবিলের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছেন। অভিযানে বিল-অধ্যুষিত বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১০ মণ কচ্ছপ ও প্রচুর কচ্ছপ শিকারের যন্ত্র জব্দ করেন তাঁরা। এ ছাড়া কচ্ছপ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৭ জন শিকারিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বিভাগীয় বন কর্মকর্তা মোল্যা রেজাউল করিম বলেন, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার জন্য রাজশাহী বিভাগে মাত্র একটি কার্যালয় রয়েছে। লোকবলসংকটে তাঁদের পক্ষে এত বড় অঞ্চল নজরে রাখা কঠিন। এর পরও খবর পেলেই তাঁরা অভিযান চালাচ্ছেন। বন্য প্রাণী রক্ষায় জনসচেতনতা বাড়াতে বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।