পাচারকারী চক্র সম্পর্কে তথ্য দিচ্ছেন আসামিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে নারী পাচারে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সাতক্ষীরা থেকে আসামি মেহেদী হাসান, তাঁর বাবা আবদুল কাদের ও সহযোগী মহিউদ্দনকে গ্রেপ্তার করে পুলিশ
ছবি: প্রথম আলো

ভারতে নারী পাচারের ঘটনায় হাতিরঝিল থানায় করা মামলায় রিমান্ডে থাকা তিন আসামি পাচারের সঙ্গে জড়িত আরও কয়েকজনের নাম বলেছেন। একই সঙ্গে পাচার হওয়া তরুণীদের কীভাবে ভারতে পাঠানো হয়েছে, সে বিষয়ে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্তের সঙ্গে যুক্ত পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

পাঁচ দিনের রিমান্ডে নিয়ে গতকাল শুক্রবার থেকে আসামি মেহেদী হাসান, তাঁর বাবা আবদুল কাদের ও সহযোগী মহিউদ্দনকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

পাচারের শিকার হওয়া এক তরুণী গত ৭ মে ভারত থেকে পালিয়ে বাংলাদেশে আসেন। তিনি ১ জুন হাতিরঝিল থানায় পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করেন। এই মামলায় ১২ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁকে পাচারের ঘটনায় জড়িত ছিলেন ‘টিকটক হৃদয়’ নামে পরিচিত রিফাদুল ইসলাম ওরফে হৃদয় (২৬)।

ভারতে বাংলাদেশের এক তরুণীকে যৌন নির্যাতন করার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়। ওই ভিডিওতে হৃদয়কে নির্যাতন করতে দেখা যায়। গত ২৭ মে হৃদয়সহ ছয়জনকে ভারতের বেঙ্গালুরুর পুলিশ গ্রেপ্তার করে।

এ ছাড়া ২৭ মে টিকটিক হৃদয়সহ পাঁচজনের নামে হাতিরঝিল থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন ভারতে যৌন নির্যাতনের শিকার হওয়া তরুণীর বাবা। এ মামলায় র‍্যাব পাচারকারী চক্রের হোতা আশরাফুল আলম মণ্ডল ওরফে রাফিসহ চারজনকে গ্রেপ্তার করেছে।

দুটি মামলাই তদন্ত করছে হাতিরঝিল থানার পুলিশ। মামলার তদন্ত তদারক কর্মকর্তা পুলিশের তেজগাঁও শিল্পাঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মো. হাফিজ আল ফারুক গতকাল প্রথম আলোকে বলেন, রিমান্ডে থাকা মেহেদী ও তাঁর সহযোগীরা জিজ্ঞাসাবাদে ভারত থেকে আরও কয়েকজন তরুণীর ফিরে আসার কথা জানিয়েছেন।

ফেরত আসা ওই সব তরুণীর সঙ্গে কথা বলে পাচারকারী চক্রের গোটা নেটওয়ার্কের তথ্য নেবে পুলিশ। ভুক্তভোগীরা থানায় মামলা করতে চাইলে পুলিশ সহযোগিতা করবে।
এই পুলিশ কর্মকর্তা বলেন, চক্রের সদস্যদের কার কী ভূমিকা ছিল, কারা সীমান্ত এলাকায় পাচারে সহযোগিতা করে, জিজ্ঞাসাবাদে সে বিষয়েও আসামিরা তথ্য দিয়েছেন।

মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, টিকটক হৃদয়ের সহযোগী মেহেদী হাসানের কাছ থেকে জব্দ করা দুটি মুঠোফোন ও একটি খাতা থেকে ভারতে পাচার করা অনেক মেয়ে ও সেখানে চক্রের সদস্যদের কিছু মুঠোফোন নম্বর পেয়েছে পুলিশ।

এদিকে ভারতে বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে গ্রেপ্তার টিকটক হৃদয়সহ ছয়জনের সম্পর্কে পাওয়া তথ্য যাচাই–বাছাইয়ের জন্য বেঙ্গালুরু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঢাকার তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগাযোগ রাখছেন। দুই দেশের পুলিশ কর্মকর্তারা পাচারকারী চক্র সম্পর্কে তথ্য বিনিময় করছেন।