পাচারকালে গমবোঝাই ট্রাক জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি খাদ্যগুদামের গম বাইরে পাচারকালে রাজশাহীতে এক ট্রাক সরকারি গম জব্দ করেছে পুলিশ। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে রাজশাহী নগরের কাশিয়াডাঙা মোড় থেকে পুলিশ ট্রাকটি জব্দ করে। পুলিশ বলছে, ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল, অথচ যাওয়ার কথা ছিল ঢাকার দিকে।
নগরের রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, পাবনার ঈশ্বরদী উপজেলার মুলাডুলি খাদ্যগুদাম থেকে ট্রাকটি ঢাকার তেজগাঁও খাদ্যগুদামে যাওয়ার কথা ছিল। কিন্তু ট্রাকটি উল্টো পথে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ করা হয়।
ওসি জানান, ট্রাকের সঙ্গে শুধু চালক ও তাঁর সহযোগীকে পাওয়া গেছে। তাঁরা গমের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তবে মালিক না পাওয়ায় কাউকেই আটক করা হয়নি। গমসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়।