পাচারকালে তিন তরুণী উদ্ধার পাঁচ পাচারকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে পাচারকালে সাতক্ষীরার কলারোয়া সীমান্তের দমদম বাজার থেকে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের তিন তরুণীকে উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় আটক করে পাঁচ পাচারকারীকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটক পাচারকারী ব্যক্তিরা হলেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইপুর গ্রামের সাকেরুল কবির ওরফে ইকবাল (৩২), নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বরুদি গ্রামের মামুদুল হাসান ওরফে সুমন (২৫), ঢাকার শান্তিবাগ এলাকার হাবিবুল্লাহ (২২), শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কানাইকাটি গ্রামের আক্কাজ আলী বাবু (২৮) ও একই এলাকার দেলোয়ার হোসেন (২৫)।

উদ্ধার হওয়া তিন তরুণী হলেন চট্টগ্রামের বায়েজিদ থানার পাশে তাজু মাস্টারের বাড়ির ভাড়াটে নাহিদা বেগম (২২), সুমি বেগম (১৯) ও আরজু আকতার (১৮)। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

উদ্ধার হওয়া তরুণী নাহিদা বেগম বলেন, তাঁরা তিনজন কম বেতনে ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। দুই মাস আগে সাকেরুল কবির ও মাহমুদুল হাসানের সঙ্গে তাঁদের পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ওই দুজন তাঁদের তিনজনকে ওমানে নিয়ে বেশি বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখান। একপর্যায়ে গত বুধবার রাতে তাঁদের যশোর আসতে বলা হয়। পরে তাঁরা তাঁদের সেখান থেকে গতকাল কলারোয়া সীমান্ত এলাকায় নিয়ে যান। যশোর থেকে তাঁদের বিমানে না পাঠিয়ে সীমান্ত এলাকায় নিয়ে আসায় সন্দেহ হয়। পথে উপজেলার দমদম বাজারে পৌঁছালে তরুণীদের চিৎকারে স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। একই সঙ্গে পাঁচ পাচারকারীকে আটক করে কলারোয়া থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।