পাচারকালে পাঁচজন উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় পাঁচজনকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেন বিজিবি সদস্যরা। তাঁদের একজন ভারতের নাগরিক।
পাচারের শিকার হতে যাওয়া বাংলাদেশিরা হলেন চারঘাটের পরানপুর গ্রামের দুলালের ছেলে তোফাজ্জল (২৫), আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম (১৮), তমিজ উদ্দিনের ছেলে সুমন মিয়া (১৮), জামাল উদ্দিনের ছেলে মিঠুন, নাটোর সদরের জলিলের ছেলে ববি (২২), পুঠিয়ার ঝলমলিয়া গ্রামের আফজালের ছেলে সবুজ আলী (১৮)।
অভিযুক্ত পাচারকারী ভারতের রফিকুল ইসলাম (৩১)। তিনি কেরালা রাজ্যের মালাপুরাম জেলার কট্টারাম গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তাঁর সহযোগী বাংলাদেশের রাজীব (২২)। তিনি চারঘাট উপজেলার পরানপুর গ্রামের বাবু মিয়ার ছেলে।
রাজশাহী বিবিজির অধিনায়ক আনোয়ার উল আলম জানান, বেলা সাড়ে ১১টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা পাঁচজনকে উদ্ধার করেছেন। তিনি বলেন, ভারতের নাগরিক রফিকুল ইসলাম কেরালায় ভালো চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাংলাদেশি রাজীবের সহযোগিতায় অন্যদের ভারতে পাচার করছিলেন। রফিকুলের কাছ থেকে একটি ভারতের পাসপোর্ট, ভারতীয় ২৮০ রুপি এবং বাংলাদেশের তিন হাজার ৬০ টাকা ও একটি মুঠোফোন পাওয়া গেছে। তাঁদের বাঘা থানায় সোপর্দ করা হয়েছে।
যোগাযোগ করা হলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, আটক দুজনকে থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে একটি এবং সীমান্ত অতিক্রম করার অভিযোগে অরেকটি মামলা করার প্রস্তুতি চলছে।