পাচারকালে বুদ্ধি খাটিয়ে রক্ষা
ভারতে পাচার হওয়ার সময় এক স্কুলছাত্রী পালিয়ে রক্ষা পেয়েছে। উপস্থিত বুদ্ধি ও সাহসের জোরে সে বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। গতকাল রোববার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডর গেটে এই ঘটনা ঘটে।
পাচারকারীর কাছ থেকে চলে আসার পর ওই ছাত্রী (১৬) তিনবিঘা করিডর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তল্লাশিচৌকিতে আশ্রয় নেয়। ওই ছাত্রীর বাড়ি একই উপজেলা হাতীবান্ধায়।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, একই জেলার কালীগঞ্জ বাজার এলাকার বাবু (২৭) নামের এক ব্যক্তির সঙ্গে তার মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় ছয় মাস মুঠোফোনে কথা বলার পর গত শনিবার সকালে সে হাতীবান্ধা থেকে মেয়েটিকে নিয়ে পাটগ্রামের দহগ্রাম-আঙ্গোরপোতা দেখার জন্য আসে। ওই দিন রাতে তারা দহগ্রাম বিওপির পাশের এক বাড়িতে ভাইবোন পরিচয় দিয়ে থাকে। সেখান থেকে ট্রেন ধরার কথা বলে ভোর সাড়ে চারটায় ওই বাড়ি থেকে বেরিয়ে আসে তারা। কিন্তু বাবু তাকে নিয়ে পাটগ্রাম রেলস্টেশনের দিকে না গিয়ে তিনবিঘা করিডরের পশ্চিম দিক দিয়ে পাচারের উদ্দেশে ভারতের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ক্যাম্প দেখতে পায়। ক্যাম্প থেকে তাকে পাচার করে দেওয়া হচ্ছে বলে সন্দেহ হয় মেয়েটির। এরপর বাবুর হাত থেকে পালিয়ে সে বিজিবির তিনবিঘা করিডরের গেটের তল্লাশিচৌকিতে আশ্রয় নেয়। পরে বিজিবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার নাম-পরিচয় পাওয়ার পর বিষয়টি তার পরিবারকে জানায়। বিকেলে মেয়েটিকে তারা পাটগ্রাম থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
মেয়েটি জানায়, আগের দিন দহগ্রাম ও তিনবিঘা করিডর গেট এলাকা বেড়ানোর সময় তার রাস্তা চেনা ছিল। তাই রেলস্টেশনের দিকে না গিয়ে তিনবিঘা করিডর রাস্তার দিকে যাওয়ার পথে বাবুর কাছ থেকে পালিয়ে সে বিজিবির তল্লাশিচৌকিতে আশ্রয় নেয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ঘটনা তদন্ত করে কথিত প্রেমিক বাবুর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হাতীবান্ধা থানাকে অনুরোধ জানানো হয়েছে।