পাচারকালে ১১৫ টন সরকারি চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় তিনটি ট্রাক থেকে এক ব্যবসায়ীর গুদামে নামানোর সময় ১১৫ টন সরকারি চাল জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যা ব)। গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আশুগঞ্জ খাদ্যগুদামের কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে।
চাল পাচারে জড়িত থাকার অভিযোগে র‌্যাব তিন ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন আশুগঞ্জ উপজেলার দুর্গাপর গ্রামের ইয়াছিন মিয়া, চরচারতলা গ্রামের হানিফ মিয়া ও একই গ্রামের জয়নাল আবেদীন।
র‌্যা ব-১৪ ভৈরব ক্যাম্প সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে আশুগঞ্জ খাদ্যগুদাম থেকে তিনটি ট্রাকে সরকারি চাল পাচার করার খবর পেয়ে র‌্যাব সদস্যরা উপজেলার বাহাদুরপুর এলাকার চালকল মালিক মো. বাহাউদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স ওসমান গনি অ্যাগ্রো ফুড প্রোডাক্টের গুদামে অভিযান চালান। এ সময় তাঁরা তিনটি ট্রাক থেকে চালের বস্তা নামানোর সময় এসব ট্রাকসহ তিন চালককে আটক করেন এবং ট্রাকগুলোতে থাকা ১১৫ টন চাল জব্দ করেন। পরে তাঁরা গুদামের ভেতরে অভিযান চালিয়ে আরও ১৫০ টন চাল জব্দ করেন।
র‌্যা ব দাবি করেছে, ব্যবসায়ীর গুদাম থেকে জব্দ করা ১৫০ টন চালও সরকারি হতে পারে। এদিকে গ্রেপ্তারের পর তিন ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা জানান, গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার সরকারি খাদ্যগুদাম থেকে খাদ্যগুদামের লোকজনের উপস্থিতিতে ও মো. নাঈম নামে আশুগঞ্জের এক ব্যবসায়ীর নির্দেশে তাঁরা ট্রাকে চাল তোলেন। পরে র‌্যাব চালকল মালিক বাহাউদ্দিন ও ব্যবসায়ী মো. নাঈমকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। তাঁরা প্রত্যেকে আসবেন বলে জানালেও গতকাল শুক্রবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত তাঁদের কেউই র‌্যাবের সঙ্গে যোগাযোগ করেননি।
র‌্যা ব জানায়, বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে চাল জব্দ করার বিষয়টি তাঁরা আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল কায়ছারকে জানান। ইউএনও সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে উপজেলা খাদ্য কর্মকর্তা আবু কাউছার ও খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে ডেকে ঘটনাস্থলে নিয়ে আসেন। গ্রেপ্তার চালকেরা ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার সামনেই দাবি করেন, ব্যবসায়ী নাঈমের নামে তাঁরা খাদ্যগুদামের কয়েকজন কর্মকর্তার উপস্থিতিতে তাঁরা চাল ট্রাকে তোলেন। তবে মনিরুজ্জামান ট্রাকচালকদের দেওয়া তথ্য সঠিক নয় বলে দাবি করেন।
জেলা খাদ্য কর্মকর্তা সাজ্জাদ হোসেন বলেন, বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ খাদ্যগুদামের কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে অভিযোগ রয়েছে।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন বলেন, তিনটি ট্রাক থেকে ১১৫ টন ও গুদাম থেকে ১৫০ বস্তা চাল জব্দ করা হয়। আটক ট্রাকচালকদের আশুগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে কথা বলার জন্য চালকল মালিক বাহাউদ্দিন ও ব্যবসায়ী নাঈম মিয়ার মুঠোফোনে ফোন করা হলে সেগুলো বন্ধ পাওয়া যায়।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গতকাল রাতে বলেন, চাল জব্দ করার ঘটনায় র‌্যাব বাদী হয়ে গতকাল রাত নয়টার দিকে আশুগঞ্জ থানায় মামলা করেছে। ওই মামলায় চালকল মালিক বাহাউদ্দিন, ব্যবসায়ী নাঈম, গ্রেপ্তার তিন ট্রাকচালকসহ সাতজনকে আসামি করা হয়েছে। জব্দ করা ২৬৫ টন চালসহ তিনটি ট্রাক থানায় হস্তান্তর করা হয়েছে।