পাচারকালে ২ কেজি সোনা জব্দ, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে গত রোববার প্রায় দুই কেজি সোনা জব্দ করেছেন বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় পাচারকারী সন্দেহে বজলুর রহমান (৫৫) নামের একজনকে আটক করা হয়।
বজলুর শার্শা উপজেলার বড়আঁচড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে। বিজিবি বলছে, তিনি দীর্ঘদিন ধরে ভারতে সোনা পাচারে জড়িত।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল মোহাম্মাদ আরিফুল হক প্রথম আলোকে বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বজলুর রহমান বেনাপোল বাজার থেকে বন্দরের দিকে যাচ্ছিলেন। বাজারের চুড়িপট্টির সামনে এলে তাঁকে আটক করে বিজিবির একটি দল। তাঁর দেহ তল্লাশি করে ১৪টি সোনার বার পাওয়া যায়। সেগুলোর ওজন ১ কেজি ৮০০ গ্রাম। এ সোনা তিনি ভারতে পাচারের চেষ্টা করছিলেন। বজলুরকে বেনাপোল বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় রোববার রাতে থানায় মামলা হয়েছে। জব্দ করা সোনা বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।