পাচারের উদ্দেশ্যে জড়ো করা ২০ জনকে উদ্ধার
জয়পুরহাটের গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে জড়ো করা ২০ জনকে উদ্ধার করেছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার সকালে তাঁদের উদ্ধার করা হয়। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সৌরভ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তিনটি কক্ষে পাচারের জন্য জড়ো করা নয়জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হোটেলে থাকা জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের লাভলু আকন্দকে (৩০) গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল বেলা ১১টার দিকে শহরের পৃথিবী আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১১ জনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়েন্দা পুলিশ বাদী হয়ে মানব পাচার আইনে দুটি মামলা করেছে।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মোছাদ্দেক হোসেন (২৮), জাকারিয়া (২৭), ফারুক হোসেন (২৭), জাহিদুল ইসলাম (২৮); নরসিংদীর রায়পুরার আল আমিন (২৩), মানিক মিয়া (২০), হানিফ (৩৪), জাকির হোসেন (২২), খোকন মিয়া (২৫), পলাশ মৃধা (২৩), রমজান মিয়া (১৯), সোহরাব হোসেন (২১), মানিক মিয়া (২৪) এবং শিবপুরের মেরাজ উদ্দিন (২২), কবির হোসেন (২৮), কাজল মিয়া (৩৫), নাজমুল হক (২১), আল আমিন (২৫), জাকির হোসেন (৩৭) ও নুরুল মিয়া (২৬)।
শিবপুরের কাজল মিয়া ও নুরুল মিয়া বলেন, এলাকার মোশারফ হোসেন নামের একজনের সঙ্গে ১ লাখ ১০ হাজার টাকার চুক্তিতে নেপালে রাজমিস্ত্রির (নির্মাণশ্রমিক) কাজ দেওয়ার কথা হয় তাঁদের দুজনের। এর মধ্যে তাঁরা নগদ ১০ হাজার টাকা মোশারফকে দিয়েছেন। বাকি এক লাখ টাকা নেপালে পৌঁছে কাজ পাওয়ার পর মোশারফকে তাঁদের পরিবারের পরিশোধ করার কথা ছিল। নেপালে ভূমিকম্পের পর সেখানে বিধ্বস্ত শহরগুলোতে নতুন ভবন নির্মাণে শ্রমিকের প্রচুর চাহিদা রয়েছে বলে তাঁদের জানানো হয়।