পাচারের কবল থেকে ফেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে পাচারকারীর খপ্পর থেকে গত বুধবার ফিরে এসেছেন তিন সন্তানসহ এক নারী। গতকাল বৃহস্পতিবার রাত পর্যন্ত তাদের পুলিশি হেফাজতে রাখা হয়।
পুলিশের বিবরণ অনুযায়ী, নগরের বিলপাড় এলাকা থেকে এক নারী এবং তাঁর তিন ও দুই বছর বয়সী দুই সন্তান, অষ্টম শ্রেণি পড়ুয়া আরেক মেয়ে নিখোঁজ হওয়ার ঘটনায় ১১ অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় জিডি করা হয়। পরে মুঠোফোনের সূত্র ধরে এদের অবস্থান সিলেটের বিয়ানীবাজার একটি গ্রামে বলে নিশ্চিত হয় পুলিশ। পুলিশের খোঁজখবর নেওয়ার বিষয়টি জানাজানি হওয়ার পর বুধবার দুপুরে মা ও তিন সন্তান বাসায় ফিরে আসে। ওই দিন সন্ধ্যায় তাদের কোতোয়ালি থানা-হেফাজতে নেয় পুলিশ। এরপর অভিযান চালিয়ে হাফিজুর রহমান ওরফে লুটন নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
ওই মা প্রথম আলোকে বলেন, তাঁর স্বামী মারা গেছেন। তিনি বিভিন্ন বাড়িতে গৃহকর্মীর কাজ করছিলেন। পরিবার চালাতে হিমশিম খাচ্ছিলেন। এ অবস্থা জেনে সম্প্রতি হাফিজুর তাঁকে ‘ভালো কাজ’ দেওয়ার কথা বলেন। ১১ অক্টোবর তিনি (মা) শিশুদের নিয়ে হাফিজুরের সঙ্গে গিয়েছিলেন। পরে তাঁকে বিদেশ পাঠিয়ে দেওয়ার কথা শুনে তিনি ঘাবড়ে যান। বুধবার তাঁকে হাফিজুরই হঠাৎ বিলপাড়ের বাসায় পৌঁছে দিয়ে পালিয়ে যান।
সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন বলেন, হাফিজুরের বিরুদ্ধে মামলা করা হয়েছে।