ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় গতকাল সোমবার ফাল্গুনী ডেকোরেটার্স নামের একটি দোকান থেকে খাদ্যবান্ধব কর্মসূচির ৩০ বস্তা (১ হাজার ৫০০ কেজি) চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বেলা দেড়টার দিকে উপজেলার নাসিরপুর বাজারের ওই দোকান থেকে ১০ টাকা কেজির এসব চাল জব্দ করা হয়।
ফাল্গুনী ডেকোরেটার্সের মালিক বিকাশ পালের বাড়ি সদর ইউনিয়নের নাসিরপুর গ্রামে। এ ঘটনার পর থেকে বিকাশ পাল এবং ওই ইউনিয়নের ডিলার বন্ধন দেব পলাতক রয়েছেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৮ হাজার ৭৪৫ জন কার্ডধারীর কাছে চাল বিক্রির জন্য ২৬ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা সদর ইউনিয়নে বন্ধন দেব ডিলার হিসেবে নিয়োগ পান। চলতি মাসের জন্য তাঁকে ৩৬৯ জন কার্ডধারীর মধ্যে বিক্রির জন্য ১১ হাজার ৮৮০ কেজি চাল দেওয়া হয়েছিল।
উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) সূত্রে জানা গেছে, রোববার রাত আটটার দিকে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বন্ধন দেব ৩০ বস্তা চাল নাসিরপুর বাজারের বিকাশ পালের দোকানে নিয়ে যান। সেখানে সরকারি বস্তা থেকে খুলে চালগুলো প্লাস্টিকের সাদা বস্তায় ভরা হচ্ছিল। ওই ঘটনা গোলাপ চৌধুরী নামের এক ব্যক্তির নজরে আসে। তিনি সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেমকে বিষয়টি জানান। চেয়ারম্যান ঘটনাস্থলে পৌঁছে দোকানে তালা ঝুলিয়ে দেন। গতকাল বেলা দেড়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী দোকান থেকে ৩০ বস্তা চাল জব্দ করেন। এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা কামাল উদ্দিনও উপস্থিত ছিলেন। পরে এসব চাল নিলামে ৪৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
ইউপি চেয়ারম্যান আবুল হাশেম বলেন, ‘রোববার রাতে বাজারে গিয়ে তাঁদের দুজনকে পাইনি। পরে দোকানে তালা ঝুলিয়ে বাজারের দুই পাহারাদারকে দোকান দেখাশোনার দায়িত্ব দিয়েছিলাম।’
এ বিষয়ে ডিলার বন্ধন দেব ও বিকাশ পালের সঙ্গে কথা বলতে একাধিকবার ফোন করার চেষ্টা করেও তাঁদের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ইউএনও লিয়াকত আলী বলেন, ডিলার চাল বিতরণ শেষ করে কার্ডধারীদের কাছ থেকে কিনে রেখেছিলেন বলে জানা যায়। আইনগতভাবে কাজটি সঠিক হয়নি। নিলাম থেকে পাওয়া ৪৫ হাজার টাকা বাজারের মসজিদ ও মন্দিরে খরচের জন্য দেওয়া হয়েছে। ওই ডেকোরেটরের মালিক ও চালের ডিলার পলাতক রয়েছেন। বন্ধন দেবের সব ধরনের ডিলারশিপ বাতিল করা হবে।