পাচারের তিন মাস পর তরুণীকে উদ্ধার, গ্রেপ্তার ৩
ভারতে পাচারের তিন মাস পর ফরিদপুরের নগরকান্দার ১৮ বছর বয়সী এক তরুণীকে উদ্ধার করেছেন র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা। গত শনিবার ভোর পৌনে ছয়টার দিকে যশোরের শার্শা উপজেলার বড়আছড়া গ্রামের একটি বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করা হয়।
পাচারের সঙ্গে জড়িত সন্দেহে র্যা ব শনিবার ভোরে বেনাপোল বাসস্ট্যান্ড থেকে নড়াইলের নড়াগাতী থানার মাউলী গ্রামের কৃষ্ণপদ দাস (৩৮) ও সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়া গ্রামের বাবু সানাকে (২৭) গ্রেপ্তার করে। এর আগে ১০ মে রাজবাড়ীর গোয়ালন্দ থানার গৌরীপুর বাজার এলাকার মো. রইচ মণ্ডলকে (২৫) ফরিদপুর ভবকদিয়া বাসস্ট্যান্ড থেকে গ্রেপ্তার করা হয়।
র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্প এক বিজ্ঞপ্তিতে জানায়, মো. রইচ মণ্ডল ওই তরুণীকে বিয়ে করেন। পরে তিনি সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় তরুণীকে ভারতে পাচার করে দেন। ওই তরুণীর পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তাঁর সন্ধান না পেয়ে গত ২৮ এপ্রিল তরুণীর মা নগরকান্দা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। গত ১৫ দিন ব্যাপক অনুসন্ধানের পর র্যা ব ওই তরুণীকে উদ্ধার এবং তাঁর স্বামীসহ পাচারকারী দলের তিনজনকে গ্রেপ্তার করে। গতকাল রোববার পাচার হওয়া তরুণীকে তাঁর মায়ের হাতে তুলে দেওয়া হয় এবং গ্রেপ্তার তিন ব্যক্তিকে নগরকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যা ব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. রইস উদ্দিন প্রথম আলোকে বলেন, নগরকান্দা উপজেলার বাসিন্দা ওই তরুণী ফরিদপুরের একটি পাটকলে শ্রমিক হিসেবে কাজ করতেন। ওই পাটকলের শ্রমিকদের পরিবহনের বাস চালাতেন মো. রইচ মণ্ডল। রইচকে বিয়ে করেন ওই তরুণী। বিয়ের পর ওই তরুণী জানতে পারেন রইচ আগে আরেকটি বিয়ে করেছেন। তিন মাস আগে রইচ তাঁর স্ত্রী ওই তরুণীকে দুই লাখ টাকার বিনিময়ে ভারতে পাচারকারী একটি দলের কাছে বিক্রি করে দেন। পাচারকারীরা তরুণীকে ভারতে নিয়ে যান। পরে গত ১০ এপ্রিল রইচকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী পাচারকারী দলের সদস্য ভারতে অবস্থানকারী কৃষ্ণপদ দাসের সঙ্গে কথা বলে তাঁর সহায়তায় ওই তরুণীকে ভারত থেকে এনে যশোরের শার্শা থানার বড়আছড়া গ্রামের একটি বাড়িতে রাখা হয়। সেখান থেকে তরুণীকে উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, এ ব্যাপারে ওই তরুণীর মা বাদী হয়ে গতকাল রোববার গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তিসহ ছয়জনের নাম উল্লেখ করে নগরকান্দা থানায় মানব পাচার আইনে একটি মামলা করেছেন।