পাচারের শিকার ১২ তরুণী দেশে ফিরলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাচার হওয়া আরও ১২ তরুণী ও এক শিশুকে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি (চেকপোস্ট) দিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় বিশেষ ট্রাভেল পারমিট প্রক্রিয়ার মাধ্যমে ভারতীয় অভিবাসন পুলিশ বাংলাদেশি অভিবাসন পুলিশের কাছে তাঁদের হস্তান্তর করে।

বেনাপোল বন্দর থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে ঢাকার জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থা ওই ১৩ জনকে জিম্মায় নিয়েছে।

ফেরত আসা তরুণীদের বাড়ি ঢাকা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ি, নীলফামারী, ঠাকুরগাঁও, নারায়ণগঞ্জ, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। তাঁদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। শিশুটির বয়স চার বছর। শিশুটি ফেরত আসা এক তরুণীর মেয়ে। এর দুই দিন আগে গত বুধবার সন্ধ্যায় একই প্রক্রিয়া সাত তরুণীকে দেশে ফিরিয়ে আনা হয়। পরিবারের কাছে হস্তান্তরের জন্য সবাইকে ঢাকা আহছানিয়া মিশন যশোরের ভেকুটিয়া এলাকার আশ্রয়ে (শেল্টার হোম) রাখা হয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা আহছানিয়া মিশন ভেকুটিয়া যশোরের ব্যবস্থাপক শাহনাজ পারভীন প্রথম আলোকে বলেন, ‘জীবন দক্ষতার ওপর দুই দিনের প্রশিক্ষণ দিয়ে তাদের পরিবারের স্বজনদের কাছে তুলে দেওয়া হবে। তাদের পরিবারের স্বজনদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালেরা বিভিন্ন সময়ে ওই তরুণীদের সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অপরাধে ভারতের পুলিশ তাদের আটক করে কারাগারে পাঠায়।
অভিবাসন পুলিশ বেনাপোলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ বলেন, ভারতের অভিবাসন পুলিশ তাদের বাংলাদেশ অভিবাসন পুলিশের হাতে তুলে দিয়েছে। পরে বেনাপোল বন্দর থানার পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল বন্দর থানার ওসি অপূর্ব হাসান বলেন, ‘থানায় জিডির মাধ্যমে তাঁদেরকে ঢাকার জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি বেসরকারি সংস্থার জিম্মায় দেওয়া হয়েছে।’