পাচারের সময় টেংরা মাছ উদ্ধার, চারজন গ্রেপ্তার
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় গতকাল বুধবার ভারতে পাচারের সময় ২৫০ কেজি টেংরা মাছ উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় তিনটি মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো দেবহাটা উপজেলার হাসু সরদার (৫০), আবদুস সবুর আলী (৪০), মোশারফ গাজী (২৮) ও হান্নান আলী গাজী (২৮)।
সাতক্ষীরার নীলডুমুর ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাতশালা ক্যাম্পের হাবিলদার মো. সাখাওয়াত হোসেন জানান, তাঁরা গতকাল ভোরে খবর পান বিপুল পরিমাণ মাছ ভারতে পাচার করার জন্য ভাতশালা সীমান্ত এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। সকাল সাতটার দিকে তাঁর নেতৃত্বে বিজিবি সদস্যরা ভাতশালা সীমান্তের খেজুরবাড়িয়া এলাকায় ওঁত পেতে ছিলেন। এ সময় তিনটি মোটরসাইকেলে করে মাছ নিয়ে যেতে দেখে থামার সংকেত দেওয়া হয়। থামার পর মোটরসাইকেলে বহন করা ছয়টি ঝুড়ি থেকে ২৬০ কেজি টেংরা মাছ জব্দ করা হয়। এ সময় মোটরসাইকেলসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বলেন, এ ঘটনায় সাখাওয়াত হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।