রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল শুক্রবার সকালে বিরল প্রজাতির ১৩০টি কচ্ছপ উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। পরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এসব কচ্ছপের মূল্য প্রায় তিন লাখ টাকা।
এ ঘটনার চার ঘণ্টা আগে একই বিমানবন্দর থেকে প্রায় ৪১ লাখ টাকা মূল্যের ৮২২ গ্রাম সোনাসহ জাহাঙ্গীর নামের এক যাত্রীকে আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মোস্তফা জামাল প্রথম আলোকে বলেন, মেরুন ও কালো রঙের বড় দুটি ট্রলির ভেতরে কচ্ছপগুলো পাওয়া যায়। বিমানবন্দরের এক নম্বর স্ক্যানার গেটে এগুলো ধরা পড়ে। মালয়েশিয়ান এয়ারলাইনসে করে এগুলো কুয়ালালামপুরে পাচার করার কথা ছিল। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। পরে কচ্ছপগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, সাধারণত পাচারকারীরা নিজেদের আড়ালে রেখে তা স্ক্যানার গেটে দিয়ে দেয়।
বন বিভাগের পরিদর্শক অসীম মল্লিক প্রথম আলোকে বলেন, উদ্ধার করা কচ্ছপগুলোর একেকটির মূল্য প্রায় তিন হাজার টাকা। সাধারণত ভারত থেকে সীমান্ত দিয়ে এ ধরনের কচ্ছপ বাংলাদেশে আসে। আবার বিভিন্ন পাহাড়ি এলাকায়ও এগুলো থাকে। তাই উদ্ধার করা কচ্ছপ ভারত থেকে আনা হয়েছে না আগে থেকেই বাংলাদেশে পাহাড়ি এলাকায় ছিল তা জানা যায়নি। তবে এ ধরনের কচ্ছপ আকাশপথে বাইরে পাচার করা হয়। এগুলো কালিকাউট্টা প্রজাতির কচ্ছপ। মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশে কালিকাট্টা কচ্ছপের স্যুপের চাহিদা রয়েছে। উদ্ধার করা কচ্ছপগুলো গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে ছেড়ে দেওয়া হবে।
এদিকে গতকাল ভোর ছয়টার দিকে একই বিমানবন্দর থেকে ৪১ লাখ টাকার সোনাসহ যাত্রী জাহাঙ্গীরকে আটক করে শুল্ক কর্তৃপক্ষ। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি শরীয়তপুরে। তিনি মালয়েশিয়া থেকে বিজি-০৮৭ ফ্লাইটে বিমানবন্দরে পৌঁছান।