পাচারের সময় চালের বস্তাভর্তি ট্রলি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার মদন উপজেলায় কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে পাচারের সময় ১০ টাকা কেজির চালের বস্তাভর্তি দুটি হ্যান্ড ট্রলি জব্দ করা হয়েছে। পুলিশ বলছে, ট্রলিগুলোতে ২৫ বস্তা চাল আছে। তবে স্থানীয় লোকজন বলছেন, সেখানে কমপক্ষে ৫০টি বস্তা ছিল।
উপজেলার সিংহের বাজারের কাছে বরাটি এলাকায় গতকাল রোববার দুপুরে ট্রলি দুটি জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, উপজেলার নায়েকপুর ইউনিয়নের সিংহের বাজারের ডিলার দিলোয়ার হোসেন কার্ডধারীদের গত শুক্র ও শনিবার ১০ টাকা কেজির চাল বিক্রি করেন। গতকাল তিনি দুটি হ্যান্ড ট্রলিতে চালের বস্তা বোঝাই করেন। বস্তার গায়ে খাদ্য মন্ত্রণালয়ের সিল ছিল।
ট্রলি দুটি বাজার থেকে বরাটি এলাকায় নিতে চাইলে লোকজন তা আটক করে চালকদের জিজ্ঞাসাবাদ করেন। চালকেরা বলেন, ডিলার এসব চাল বিক্রির জন্য ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি বাজারে পাঠাচ্ছেন। এর আগেও সেখানে চাল রেখে আসা হয়েছে।
স্থানীয় লোকজন ঘটনাটি নায়েকপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুর রহমানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং মদন থানার পুলিশকে জানালে পুলিশ গিয়ে ট্রলিসহ চাল জব্দ করে। এ সময় ট্রলির চালকেরা পালিয়ে যান। এ ঘটনার পর থেকে ডিলার দিলোয়ার হোসেন এলাকায় নেই। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
স্থানীয় লোকজন বলেন, দুটি ট্রলিতে অন্তত ৫০ বস্তা চাল রয়েছে। বস্তাগুলোর প্রতিটিতে ৫০ কেজি করে চাল আছে। চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, ডিলার দিলোয়ার হোসেনের বিরুদ্ধে ওজনে কম দেওয়ার অভিযোগ ছিল। তিনি ৩০ কেজির বদলে ২৪ কেজি দিচ্ছিলেন। এখন কালোবাজারে চাল বিক্রি করছেন। এর সঙ্গে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নজরুলসহ উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার যোগসাজশ রয়েছে।
মদন থানার ওসি মাজেদুর রহমান সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বলেন, দুটি হ্যান্ড ট্রলিতে ২৫ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আঠারবাড়ি বাজারের চাল ব্যবসায়ী আবদুল হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। কিন্তু স্থানীয় লোকজন ৫০টি বস্তার কথা বলছেন—এ কথা জানালে ওসি বলেন, ট্রলিতে থাকা বস্তাগুলো এখনো গোনা হয়নি।