পাচারের সময় দুই শিশু উদ্ধার, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় দুটি শিশুকে উদ্ধার করেছেন এলাকাবাসী। এ সময় শফিকুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে বিজিবির হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুরে।
উদ্ধার হওয়া শিশু দুটি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌকা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তরিকা খাতুন (৪) ও একই গ্রামের ওমর ফারুকের ছেলে আবদুর রহমান (৫)। আটক শফিকুলের বাড়ি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের গবিনপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, শফিকুল ইসলাম দুপুর দেড়টার দিকে ভারতে পাচারের উদ্দেশ্যে চৌকা সীমান্তের শ্মশান মাঠ দিয়ে নিয়ে যাওয়ার সময় শিশু দুটি চিৎকার দেয়। এ সময় গরু চরাতে থাকা বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত আনেশের ছেলে রুহুলসহ তিনজন মিলে শফিকুল ইসলামকে হাতেনাতে ধরে ফেলে। পরে স্থানীয় একটি বাড়িতে তাঁকে আটকে রেখে বিজিবিকে (বর্ডার গার্ড বাংলাদেশ) খবর দেয়। বিজিবি তাঁকে আটক করে চৌকা ক্যাম্পে নিয়ে যায়।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির চৌকা সীমান্ত ফাঁড়ির কমান্ডার হাবিলদার নূর হোসেন প্রথম আলোকে বলেন, খবর পেয়ে দুপুরের দিকে চৌকা সীমান্তের প্রায় আধা কিলোমিটার বাংলাদেশের ভেতরে শ্মশান মাঠ এলাকা থেকে শিশু দুটিকে উদ্ধার করা হয়। এ সময় শফিকুল ইসলামকেও আটক করা হয়। অভিভাবকসহ দুই শিশু ও পাচারকারীকে থানায় পাঠানো হয়েছে।