চট্টগ্রাম নগরে একটি পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ দুজনকে আটক করা হয়েছে। বস্তায় এক লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে।
গতকাল রোববার রাত ১১টার দিকে নগরের অক্সিজেন-কুয়াইশ সড়কের অনন্যা আবাসিক এলাকায় পাজেরো গাড়িটি আটক করে বায়েজিদ বোস্তামী থানা-পুলিশ। আটক দুজন হলেন মো. আরাফাত (৩২) ও মো. সিরাজ (৩৬)।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন গত রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গোপন তথ্যের ভিত্তিতে একটি পাজেরো গাড়িতে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। বস্তায় এক লাখ লাখ ৮০ হাজার ইয়াবা বড়ি পাওয়া গেছে। পাজেরো গাড়িতে করে জেলার আনোয়ারা থেকে এসব ইয়াবা বড়ি হাটহাজারীতে নিয়ে যাওয়া হচ্ছিল।
ওসি বলেন, আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিতে ইয়াবা পাচারে বিলাসবহুল এই গাড়িটি ব্যবহার করেছিলেন তাঁরা।