পাজেরো গাড়িতে তিন হাজার বোতল ফেনসিডিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর নিয়ামতপুর উপজেলার টগরইল মধ্যপাড়া এলাকা থেকে শুক্রবার সকালে তিন হাজার বোতল ফেনসিডিল এবং একটি পাজেরো জিপসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর বাররশিয়া গ্রামের মৃত বিশুর ছেলে মো. তছলিম (৫০) ও গাড়িচালক রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম দক্ষিণপাড়া এলাকার মো. শামসুজ্জামানের ছেলে মো. রবিন (২৫)।

র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ জানান, গোপন খবরের ভিত্তিতে পোড়শার দিক থেকে আসা ফেনসিডিলবাহী একটি কালো রঙের পাজেরো জিপের পিছু নেয় র‌্যাবের একটি দল। থামার সংকেত দেওয়া হলেও তা উপেক্ষা করে নওগাঁর পোরশার সরাইগাছি-আড্ডা-ধানসুরা সড়ক দিয়ে এগিয়ে যেতে থাকে জিপটি। জিপটিকে থামাতে পোরশা, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের আড্ডা এবং নওগাঁর নিয়ামতপুরের টগরইল মধ্যপাড়া এলাকায় তিনটি ব্যারিকেড দেওয়া হয়। যানটি প্রথম ব্যারিকেড পার হয়ে গেলে দ্বিতীয় ব্যারিকেড এলাকায় রাস্তার ওপর একটি ট্রাক রেখে দেওয়া হয়। এখানেও থামার সংকেত উপেক্ষা করে ট্রাকটিকে পাশ কাটিয়ে ড্রেনের ওপর দিয়ে জিপটি আবারও পালিয়ে যায়। পরে তিন নম্বর ব্যারিকেড এলাকায় তিনটি ট্রাক দিয়ে রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ফেনসিডিলবাহী যানটি সেখানে পৌঁছে ট্রাকের সঙ্গে গিয়ে ধাক্কা খায়। এরপর জিপ থেকে তিন হাজার বোতল ফেনসিডিল জব্দ এবং তছলিম ও রবিনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নওগাঁর নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।