পাটগ্রামে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে গতকাল রোববার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে আটজন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, স্থলবন্দরে ট্রাক থেকে চাঁদা তোলা নিয়ে এ ঘটনা ঘটে। এর জের ধরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করা হয়।
কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে বুড়িমারী স্থলবন্দরে ট্রাক থেকে চাঁদা তুলছেন স্থানীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি ও ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন। সম্প্রতি এ নিয়ে বুড়িমারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তাহাজুল ইসলামের সঙ্গে তাঁর বিরোধ হয়।
থানা-পুলিশ ও কয়েকজন প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে তাহাজুলের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা স্থলবন্দর বাজার এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এলোপাতাড়িভাবে ট্রাক দিয়ে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঘটনাস্থলে গিয়ে আলোচনার মাধ্যমে অবরোধ তুলে দেন। এর কিছুক্ষণ পর আওলাদ ও তাঁর লোকজন আবারও ট্রাক থেকে চাঁদা তুললে তাতে বাধা দেন তাহাজুল ও তাঁর লোকজন। বাগ্বিতণ্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের পাঁচটি গুলি ছোড়ে।
আহত ব্যক্তিরা হলেন বুড়িমারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল ইসলাম (২৭), সাইদুল ইসলাম (৪৫), আবুল কাশেম (৪৭), তানজিদ (১৭), হোসেন আলী (২০), রবিউল ইসলাম (৪২), শাহিন (৪০) ও চমন (২৪)। তাঁদের মধ্যে রবিউল ও শাহিনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
সংঘর্ষের পর শ্রমিক ইউনিয়নের লোকজন এলোপাতাড়িভাবে ট্রাক দিয়ে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করেন। এতে স্থলবন্দরে কয়েক শ পণ্যবাহী ট্রাক ও রাজধানীগামী বাস আটকা পড়ে। রাত আটটা পর্যন্ত ওই অবরোধ ওঠেনি।
তাহাজুল বলেন, দীর্ঘদিন ধরেও চাঁদা তোলা বন্ধ না হওয়ায় তাঁরা গতকাল মহাসড়ক অবরোধ করেন। পরে ইউএনও ও ওসি এসে চাঁদাবাজি বন্ধ করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। পরে তাঁরা আবারও অবৈধ চাঁদাবাজির প্রতিবাদ করেছিলেন। এ সময় আওলাদ ও তাঁর লোকজন হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।
এ ব্যাপারে আওলাদ বলেন, বুড়িমারীতে স্থানীয় শ্রমিকেরা ট্রাক রাখার জন্য একটি টার্মিনাল বানিয়েছেন। সেখান থেকে কিছু টাকা নেওয়া হয়। তাঁরা মহাসড়কের ট্রাক থেকে কোনো চাঁদা নেন না। তাহাজুল নিজেই চাঁদা ওঠানোর জন্য এমন ঘটনা ঘটিয়েছেন।
পাটগ্রাম থানার ওসি অবনী শংকর কর বলেন, ঘটনাস্থলে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
ইউএনও নূর কুতুবুল আলম গতকাল সন্ধ্যা সাতটার দিকে প্রথম আলোকে বলেন, সড়কের অবরোধ তুলে নিতে শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, শিগগিরই তাঁরা অবরোধ তুলে নেবেন।