পাটগ্রামে ছয়টি 'বোমা মেশিন' ধ্বংস দুটি জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাথর তোলার আটটি ‘বোমা মেশিন’ জব্দ করা হয়েছে। এর মধ্যে ছয়টি মেশিন ধ্বংস করে পাথরের খাদে ফেলে দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার গভীর রাত ও গতকাল বুধবার দিনে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশ ধরলা নদীতে অভিযান চালায়। এ সময় উপজেলার বুড়িমারী ইউনিয়নের ষোলঘড়িয়া গ্রামে চারটি, শ্রীরামপুরের ইসলামপুর এলাকায় দুটি ও জোংড়ার মোমিনপুর গ্রামে দুটি বোমা মেশিন জব্দ করা হয়। এই আটটি বোমা মেশিনই চালু অবস্থায় পাওয়া যায়। এ সময় ছয়টি বোমা মেশিন এবং এগুলোর যন্ত্রাংশ গুঁড়িয়ে দিয়ে পাথরের খাদে ফেলে দেওয়া হয়। সেগুলো খাদের ৬০ থেকে ৭০ ফুট গভীরে চলে যায়। বাকি দুটি মেশিন পুলিশ থানায় নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনার পর বোমা মেশিন দিয়ে দিনে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। কিন্তু মেশিন মালিকেরা এখন রাতে বোমা মেশিন চালিয়ে পাথর উত্তোলন করছেন। এ তথ্য পেয়ে থানার পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় ধরলা নদীতে বসানো পাথর তোলার বোমা মেশিন উচ্ছেদে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মালিকেরা তাঁদের মেশিন সরানোর চেষ্টা করেন। কিছু যন্ত্রাংশ সরাতে পারলেও মেশিন সরাতে ব্যর্থ হয়ে অনেকে পালিয়ে যান।
পৌরসভার ঝাকুয়াটারি গ্রামে আব্বাস আলীসহ চার ব্যক্তি জানান, মালিকেরা কৌশল পাল্টিয়ে এখন রাতে বোমা মেশিন চালিয়ে পাথর উত্তোলন করছেন। থানা-পুলিশ, উপজেলা ও জেলা প্রশাসন প্রতিদিন অভিযান পরিচালনা করলে হয়তো নদীটি মৃত্যুর হাত থেকে রক্ষা পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, নদীর সব মেশিন উচ্ছেদের জন্য জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। রাতেও এসব অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান জোরদার করা হবে।