পাটগ্রামে জেএমবি সন্দেহে আটক ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সঙ্গে সম্পৃক্ত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
আটককৃত ব্যক্তিরা হলেন ঢাকার কেরানীগঞ্জের নবাবচর (খোলামোড়া) এলাকার আবদুল খালেকের ছেলে মো. শের খান (২২), লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভার স্টেশনপাড়া এলাকার আবদুর রহমান (৭০) ও দহগ্রাম ইউনিয়নের জুয়েল হোসেন (৪০)। এর মধ্যে জুয়েল দহগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের কোষাধ্যক্ষ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একদল পুলিশ সদস্য স্থানীয় আবাসিক হোটেল ‘পাটগ্রাম মোটেল প্যারাডাইসে’ অভিযান চালিয়ে প্রথমে শের খানকে আটক করে। পরে তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় আবাসিক হোটেল ‘পাটগ্রাম হোটেল’-এর তত্ত্বাবধায়ক আবদুর রহমান ও দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বঙ্গেরবাড়ি বাজারের সার ব্যবসায়ী জুয়েলকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, প্রথমে শের খান নামে এক ব্যক্তিকে জেএমবি সদস্য সন্দেহে আটক করা হয়। তাঁর কথামতো আরও দুই ব্যক্তিকে আটকের পর অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য লালমনিরহাট জেলা পুলিশ সুপার কার্যালয়ে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি।
দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামাল হোসেন বলেন, জুয়েল তাঁর ভাইয়ের ছেলে। জুয়েল তাঁকে জানিয়েছেন, মো. শের খান নামে কোনো ব্যক্তিকে তিনি কখনো দেখেননি। চেনেন না।
আবদুর রহমানের ছেলে আলমগীর হোসেন বলেন, ‘বাবার হোটেলে অনেক লোকই আসেন। কে কখন কোথায় যায়। সব তো জানার বিষয় নয়। অথচ একটা লোকের কথায় বাবাকে পুলিশ নিয়ে গেল।’