পাটগ্রামে তিন বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় তিন বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। উপজেলার জোংড়া ইউনিয়নে গত শনিবার এ ঘটনা ঘটে। ওই শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ওই শিশুর বাবা মামলা করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক (১৯) পলাতক রয়েছেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে শনিবার দুপুরের দিকে শিশুটি খেলা করছিল। এ সময় ওই যুবক শিশুটিকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে দোকানে নিয়ে যান। পরে দোকানসংলগ্ন বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন। এ সময় শিশুটির চিৎকারে এলাকার লোকজনসহ পরিবারের সদস্যরা এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে চিকিৎসার জন্য শিশুটিকে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম ও থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম গতকাল রোববার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইউএনও নূর কুতুবুল আলম বলেন, ‘আমরা শিশুটির পরিবারের সঙ্গে আছি।’

 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম বলেন, ধর্ষণের আলামত পাওয়া গেছে।

মাহফুজ আলম বলেন, শিশুটির বাবা ধর্ষণের অভিযোগে ওই যুবকের নামে মামলা করেছেন। অভিযুক্ত যুবককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

দিনাজপুর অফিস জানায়, বিরলের ফরক্কাবাদ ইউনিয়নে চার বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গতকাল এক ব্যক্তিকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ওই শিশুর বাবা বলেন, বাড়ির উঠানে খেলার সময় শনিবার বিকেলে এক ব্যক্তি শিশুটির ওপর যৌন নিপীড়ন চালান। এ সময় শিশুটি চিৎকার করলে ওই ব্যক্তি পালিয়ে যান। পরে ওই শিশু তার মায়ের কাছে বিষয়টি জানায়। ব্যথায় কান্নাকাটি করায় শনিবার রাতে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, বিষয়টি জানার পর শনিবার রাতেই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকালই শিশুটির বাবা মামলা করেছেন। গতকালই ওই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।