পাটগ্রামে দুই বোনকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অপহরণের পর দুই চাচাতো বোনকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে গত মঙ্গলবার মামলা হয়েছে।
এলাকাবাসী ও পরিবার সূত্র জানায়, এক মাস আগে ধর্ষণের শিকার এক কিশোরীর বাড়িতে টিনের ঘর তৈরির কাজ নেয় পাটগ্রাম উপজেলার ঝালঙ্গির ডাঙ্গারবাড়ি গ্রামের কাঠমিস্ত্রি লিটন হোসেন (২২) ও চুটুম মিয়া (২৬)। একপর্যায়ে তারা ওই কিশোরী ও তার এক চাচাতো বোনকে কুপ্রস্তাব দেয়। এতে ওই দুই কিশোরী সাড়া দেয়নি। সোমবার রাতে তারা তাদের দাদি সঙ্গে ঘুমিয়ে পড়ে। রাত ১১টা দিকে তারা প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে আসে। এ সময় লিটন ও চুটুম তাদের মুখ চেপে ধরে পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করে। সকালে তারা ওই দুই বোনকে ঝালঙ্গি-বুড়িমারী আঞ্চলিক সড়কের কাঁঠালতলী বাজার এলাকার পাশে এক ভুট্টাখেতে অচেতন অবস্থায় রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে পরিবারকে খবর দেয়। পরিবারের সদস্যরা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করে। পরে তাদের উন্নত চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে লিটন ও চুটুম মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, এ ঘটনায় এক কিশোরীর বাবা অপহরণ ও ধর্ষণের অভিযোগে লিটন ও চুটুমের বিরুদ্ধে মামলা করেছেন। ওই দুই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।