পাটগ্রামে ২০টি 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে অবৈধভাবে পাথর তোলার সময় গত রবি ও সোমবার ২০টি ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। তবে ‘বোমা মেশিন’ উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চারটি গুলি ছোড়ে পুলিশ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিন ও থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ গত সোমবার রাতে শ্রীরামপুর ইউনিয়নের মধ্য ইসলামপুর ও পাটগ্রাম ইউনিয়নের কাউয়ামারী গ্রামের ধরলা নদীতে বোমা মেশিন উচ্ছেদে অভিযান চালায়। চালু অবস্থায় ১৪টি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় কাউয়ামারী গ্রামে বাধার মুখে পড়েন আদালত। সেখানে পাথর উত্তোলনকারী ব্যবসায়ীরা গ্রামবাসীকে সঙ্গে নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন। ফলে উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা চারটি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে জব্দ করা মেশিনের যন্ত্রাংশ ধ্বংস করা হয়। এর আগে রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নুর কুতুবুল আলমের নেতৃত্বে একদল পুলিশ ধরলা নদীর উপজেলার বুড়িমারী ইউনিয়নের পেদিরপাড় গ্রামে অভিযান চালায়। সেখানে চালু অবস্থায় ছয়টি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় জব্দ করা মেশিনের যন্ত্রাংশ ধ্বংস করা হয়।

পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, পাথর উত্তোলনকারী লোকজন আদালতের ওপর চড়াও হওয়ার চেষ্টা করলে শটগানের চারটি গুলি ছোড়ে পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১১ জনের নামে মামলা করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও নুর কুতুবুল আলম বলেন, পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। আরও কঠোর পদক্ষেপ নিতে গত ২৮ মার্চ জেলা প্রশাসনের মাধ্যমে র‍্যাব চাওয়া হয়েছে। এ ছাড়া মাইকিং করে স্থানীয় লোকজনের পাথর উত্তোলন বন্ধে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।