পাঠদান না করে ২০ বছর ধরে বেতন উত্তোলন!
পটুয়াখালীর বাউফল উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে পাঠদান না করিয়ে ২০ বছর ধরে নিয়মিত বেতন উত্তোলন করার অভিযোগ উঠেছে। উপজেলার নওমালা ইউনিয়নের ভিডিসি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হাসান মুনসুর ওরফে শাহজাহানের বিরুদ্ধে ওই অভিযোগ পাওয়া গেছে।
আবু হাসান মুনসুর পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকও।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আবু হাসান মুনসুর বিদ্যালয়ে অনুপস্থিত আছেন বছরের পর বছর। বিদ্যালয় পরিচালনা কমিটির যখন যিনি সভাপতি হন, তাঁকে ও প্রধান শিক্ষককে হাত করে একদিন এসে হাজিরা খাতায় পুরো মাসের সই করেন এবং বেতন উত্তোলন করেন।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। আবু হাসান মুনসুর ১৯৮৮ সালের ১৯ আগস্ট বিদ্যালয়ে যোগদান করেন। তিনিসহ বর্তমান বিদ্যালয়ে ১০ জন শিক্ষক কর্মরত আছেন। শিক্ষার্থীর সংখ্যা ২০৮।
গত বুধবার (২১ অক্টোবর) বেলা ১১টার দিকে বিদ্যালয়ে গিয়ে কথা হয় বিভিন্ন শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে। এ সময় দশম শ্রেণির কয়েকজন ছাত্র বলে, ‘প্রায় পাঁচ বছর এই বিদ্যালয়ে পড়াশোনা করছি। আবু হাসান মুনসুর নামের এক শিক্ষকের কথা শুনেছি। কিন্তু তিনি কোনো দিন আমাদের ক্লাস নেননি, তাঁকে চিনিও না।’ এ সময় নবম, ষষ্ঠ শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, ওই নামে কোনো শিক্ষককে তারা চেনে না এবং তাদের ক্লাসও নেন না। এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক বলেন, ‘আমরা আর কী বলব। শিক্ষার্থীরা তো মিথ্যা বলেনি।’
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, শুরুর দিকে ক্লাস নিলেও ১৯৯৫ সালের পর থেকে আবু হাসান মুনসুর আর কোনো ক্লাস নেন না। তিনি প্রভাবশালী হওয়ায় যখন যিনি সভাপতি হন, তখন তাঁকে ও প্রধান শিক্ষককে হাত করে একদিন এসে হাজিরা খাতায় পুরো মাসের সই করেন ও সরকারি বেতন উত্তোলন করেন।
মো. আবু হাসান মুনসুর বলেন, ‘একবারেই ক্লাস করি না, এমন নয়। মাঝেমধ্যে করি, আবার ছুটি নিয়ে অন্য কাজও করি। যা সবাই করে।’
এ ব্যাপারে প্রধান শিক্ষক মো. সোহরাব হোসেন বলেন, ‘মাঝেমধ্যে আসেন। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ক্ষেত্রে তাঁর অবদান আছে।’ তাই বলে বিদ্যালয়ে না এসে বেতন পাওয়ার কোনো বিধান আছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তা অবশ্য নেই। তাহলে ওই শিক্ষক কীভাবে বেতন পান, এমন প্রশ্নের জবাব দিতে তিনি রাজি হননি।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবুল হোসেন সিকদার বলেন, আপনারা যা দেখেছেন, তা-ই লেখেন। তিনিও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান জানান, বিষয়টি তাঁর জানা নেই। এ ব্যাপারে তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।