বিদ্যালয়ে শিক্ষক চারজন। সম্পর্কে একে অপরের জা। তাঁরা সবাই বিদ্যালয়ের জমিদাতার পুত্রবধূ। বিদ্যালয় চলাকালীন তাঁরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে।
বিদ্যালয়টির নাম আসাননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি ঠাকুরগাঁও সদর উপজেলার আসাননগর গ্রামে। ওই চার শিক্ষক হচ্ছেন: রুবিনা ইয়াসমিন, জিন্নাতুন সিদ্দিকা, মুন্নি খাতুন ও শাহনাজ বেগম।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালে সদর উপজেলার আসাননগর গ্রামে একটি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ২০০৮ সালে বিদ্যালয়টি নিবন্ধন লাভ করে। ২০১৩ সালে রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়।
বিদ্যালয় সূত্রে আরও জানা গেছে, আসাননগর গ্রামের মো. রফিজ উদ্দিনের দান করা ৩৩ শতক জমিতে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠার সময় জমিদাতার ছেলে দবিরুল ইসলাম প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক হিসেবে বড় ছেলে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলামের স্ত্রী শাহনাজ বেগমকে নিয়োগ দেওয়া হয়। শাহনাজ এসএসসি পাস। ১৯৯৮ সালে দবিরুল প্রধান শিক্ষকের পদ তাঁর স্ত্রী রুবিনা ইয়াসমিনকে ছেড়ে দেন। তাঁর শিক্ষাগত যোগ্যতা এসএসসি। সরকারীকরণের সুযোগ নিতে ২০০৮ সালের ১৫ সেপ্টেম্বর মোশারুলের ছোট দুই ভাই পশিরুল ইসলাম ও খাদেমুল ইসলামের স্ত্রী যথাক্রমে জিন্নাতুন সিদ্দিকা ও মুন্নি খাতুনের নিয়োগ দেখানো হয়। জিন্নাতুন সিদ্দিকা এইচএসসি ও মুন্নি খাতুন দাখিল পাস।
বিদ্যালয়টি সরকারীকরণের পর থেকে শিক্ষকদের বিরুদ্ধে বিদ্যালয়ে দেরিতে উপস্থিত হওয়ার ও পাঠদানে অবহেলা করার অভিযোগ ওঠে। গত ২২ ফেব্রুয়ারি সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আখলাকুর রহমান বিদ্যালয় পরিদর্শনে গিয়ে শিক্ষকদের অনিয়মের প্রমাণ পান। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেন।
সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, বিদ্যালয় ভবনের বারান্দায় চেয়ারে বসে গল্প করছেন এক নারী ও এক পুরুষ। প্রতিবেদকের মোটরসাইকেলের শব্দ শুনেই বাড়ি থেকে ছুটে এলেন আরও দুই নারী। এসেই একজন নিজেকে প্রধান শিক্ষক পরিচয় দিয়ে জানালেন তাঁর নাম রুবিনা ইয়াসমিন ও পাশেরজন মুন্নি খাতুন। বারান্দায় বসে থাকা নারী নিজেকে জিন্নাতুন সিদ্দিকা নামে পরিচয় দিয়ে জানালেন তিনি সহকারী শিক্ষক। আর তাঁর সঙ্গে বসে থাকা ব্যক্তিটি প্যারা শিক্ষক অশেষ কুমার।
প্রধান শিক্ষক রুবিনা ইয়াসমিন জানালেন, এ বিদ্যালয়ে আরেকজন শিক্ষক রয়েছেন। তাঁর নাম শাহনাজ বেগম। তবে তিনি ২০১৪ সালের শুরু থেকে প্রেষণে শহরতলির জগন্নাথপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। তিন শিক্ষক মিলে সুষ্ঠুভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না বলে গত বছরের জুন মাস থেকে একজন প্যারা শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ে দেড় শ শিক্ষার্থী আছে।
পাঠদান চলাকালীন বাড়িতে চলে যাওয়ার ব্যাপারে প্রধান শিক্ষক জানান, সব সময় নয় মাঝেমধ্যে তিনি বাড়িতে যান। তিনি সঠিক সময়ে বিদ্যালয়ে আসেন। অপর শিক্ষকেরাও দেরিতে আসার অভিযোগ অস্বীকার করেছেন।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী বলে, ‘আপারা স্কুলে দেরিতে আসেন। স্কুল চলাকালীনই বিভিন্ন কাজের অজুহাতে তাঁরা আবার বাড়িতে চলে যান। তাঁদের পরিবর্তে স্যার (প্যারা শিক্ষক অশেষ কুমার) পড়ান। সে সময় বাইরের কেউ এলে আপারা দৌড়ে স্কুলে চলে আসেন।’
বিদ্যালয়ের শিক্ষক ও তাঁদের পরিবার এলাকায় প্রভাবশালী হওয়ায় অভিভাবকেরা শিক্ষকদের অনিয়ম সম্পর্কে কথা বলতে রাজি হননি। পরে নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের পাশের এক বাসিন্দা অভিযোগ করে জানান, বিদ্যালয়ে এখন তেমন কোনো পড়ালেখা হয় না। পাঠদানের সময় পালা করে শিক্ষকেরা গৃহস্থালির কাজে ব্যস্ত থাকেন। স্কুলে থাকেন মূলত ওই প্যারা শিক্ষক।
যোগাযোগ করা হলে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি নুর আলম জানান, বিদ্যালয়টির চার শিক্ষকই একই পরিবারের, সম্পর্কে তাঁরা পরস্পরের জা। তবে এখন বিদ্যালয়ে তিনজন শিক্ষকতা করছেন। একজন প্রেষণে অন্য স্কুলে আছেন। শিক্ষকদের অনিয়ম সম্পর্কে তিনি জানান, প্রাথমিক বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে কমিটির সভাপতির তেমন কোনো কর্তৃত্ব থাকে না। প্রেষণে পাঠানো শিক্ষকের বিপরীতে প্যারা শিক্ষক নিয়োগ দিয়ে চলছে কি না, তা তাঁর জানা নেই।
সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী সরকার বলেন, ‘বিদ্যালয়টিতে ঠিকমতো পাঠদান না করানোর বিষয়টি আমাদের নজরে এসেছে। এ কারণে শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব দেওয়ার পর শিক্ষকদের চূড়ান্তভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। তবে শিক্ষকেরা প্যারা শিক্ষক নিয়োগ দিয়ে পাঠদান চালাচ্ছেন কি না, তা আমার জানা নেই।’