পাঠদান বন্ধ করে স্কুলমাঠে মেলা

জামালপুর উচ্চবিদ্যালয়ের মাঠে পাঠদান বন্ধ রেখে মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। এখানে সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত উচ্চ শব্দে মাইক বাজানো হয়। এতে আশপাশের এলাকার এসএসসি পরীক্ষার্থীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখা করতে সমস্যা হচ্ছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সকাল থেকে জেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সাত দিনব্যাপী এ মেলা শুরু হয়েছে। এ বিষয়ে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল সাবরিন প্রথম আলোকে বলেন, ‘বৈশাখী মেলার মাঠেই মেলার আয়োজন করা হতো। কিন্তু সেখানে উন্নয়নকাজ চলার কারণে মেলা আয়োজনের পরিবেশ নেই। অনেকটা বাধ্য হয়েই এখানে মেলার এসএমই পণ্যের মেলার আয়োজন করা হয়েছে। বছরের শুরুতে ক্লাসের তেমন একটা ক্ষতি হওয়ার কথা নয়।’ সন্ধ্যার পর মেলা মাঠের সাংস্কৃতিক অনুষ্ঠানের শব্দের কারণে এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়া ব্যাহত হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘শব্দ যাতে মাঠের বাইরে না যায়, সে জন্য চার অ্যাম্পিয়ার (শব্দের শক্তি) শব্দযন্ত্র নেওয়া হয়েছে।’
গতকাল বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের ঢোকার প্রবেশপথে এসএমই পণ্য মেলার ব্যানারসংবলিত তোরণ ঝুলছে। বিদ্যালয়ের মাঠে বিভিন্ন পণ্যের স্টল। মাঠের দক্ষিণ পাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চও করা হয়েছে। অনুষ্ঠানের জন্য বিশাল আকারের মাইক (সাউন্ডবক্স) রয়েছে। বিদ্যালয়ের কক্ষগুলোতে তালা ঝুলছে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বছরের প্রথম মাসে ভালোভাবে ক্লাস শুরু হয়েছে। এর মধ্যে মেলার কারণে সাত দিন স্কুল বন্ধ দেওয়া হয়েছে। বন্ধের পর থেকে আবার এসএসসি পরীক্ষার জন্যও স্কুল বন্ধ থাকবে এক মাস। দীর্ঘ সময় ধরে স্কুল বন্ধ থাকায় তাদের লেখাপড়ার ব্যাপক ক্ষতি হবে। মেলাটি অন্য কোনো মাঠেও করা যেত। সন্ধ্যা হলেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। সেখানে উচ্চ শব্দে মাইক বাজানোর কারণে আশপাশের এসএসসি পরীক্ষার্থীসহ কোনো শিক্ষার্থীই ঠিকমতো লেখাপড়া করতে পারছে না।
এক শিক্ষার্থীর অভিভাবক জুয়েল রানা বলেন, ‘স্কুলের দক্ষিণ পাশে আমার বাসা। আমার ছেলে ওই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। সাত দিন স্কুল বন্ধ থাকায় লেখাপড়ার ব্যাপক ক্ষতি হবে। এভাবে একটি স্কুল বন্ধ রেখে মাঠে মেলা চালানো ঠিক হয়নি।’
এ বিষয়ে প্রধান শিক্ষক শেরফুল আনসারী বলেন, ‘বিদ্যালয়ে প্রায় ১১০০ শিক্ষার্থী আছে। টানা সাত দিন বিদ্যালয়ের পাঠদান বন্ধ রাখায় শিক্ষার্থীদের চরম সমস্যা হবে। সাত দিনে শিক্ষার্থীদের অনেক কিছুই পড়ানো যেত। আমি মেলার পক্ষে ছিলাম না। জেলা প্রশাসন অনেকটা জোর করে এখানেই মেলাটির আয়োজন করেছে। জেলা প্রশাসন থেকে বলা হয়েছে, অন্য কোথাও স্থান না পাওয়ায় বাধ্য হয়ে এখানে তারা মেলাটি করবে। তাই অনেকটা বাধ্য হয়েই মেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় সমস্যা আশপাশের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। মেলার মাঠে গভীর রাত পর্যন্ত মাইক বাজানোর কারণে শব্দদূষণ হয়। এটা বন্ধ রাখলেও কিছুটা ভালো হয়।’