পাঠদান বন্ধ করে হাউজি
বিদ্যালয়ের মাঠ দখল করে দিনাজপুরের বিরল উপজেলার ধুকুরঝাড়ী গ্রামে মেলার নামে চলছে হাউজি, জুয়া ও লটারির আয়োজন। মেলার কারণে একটি বিদ্যালয়ের পাঠদানের সময় কমানোর সঙ্গে সঙ্গে দিবা শাখার পাঠদানও বন্ধ আছে এবং আরেকটি বিদ্যালয়ে পাঠদান ব্যাহত হচ্ছে। প্রায় দুই সপ্তাহ ধরে এই মেলা চলছে।
গত বুধবার বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, বিরল ইউনিয়নের ধুকুরঝাড়ী দ্বি-মুখী উচ্চ এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চারপাশে মেলা বসানো হয়েছে। মেলার নামে উচ্চবিদ্যালয়ের মাঠ দখল করে বিশাল একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে। ওই প্যান্ডেলেই চলে হাউজি ও জুয়া খেলা। প্রধান শিক্ষকের কার্যালয়ের ওপর তলায় করা হয়েছে মেলা পরিচালনাকারীদের কার্যালয়। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দরজা-জানালা বন্ধ করে ক্লাস চলতে দেখা যায়। আর বিদ্যালয়ের প্রধান ফটকের পাশে মাইকিং করে লটারি ও হাউজির প্রচারণা চলছে।
নাম প্রকাশ না করার শর্তে উচ্চবিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবক জানান, ৫ এপ্রিল থেকে বিদ্যালয়ের মাঠে মেলা শুরু হয়েছে। মেলার কারণে বিদ্যালয়ের পাঠদানের সময় কমিয়ে সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত করা হয়েছে।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, একদিকে মেলার হাউজি ও লটারির মাইকিং চলছে, অন্যদিকে মেলায় আসা কয়েক হাজার লোকজন বিদ্যালয়ের আশপাশের খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করছেন। দুর্গন্ধের কারণে এখন ক্লাস নেওয়াই অসম্ভব হয়ে পড়েছে।
দ্বি-মুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল চন্দ্র রায় বলেন, ‘মাঠ ও ভবনসহ বিদ্যালয়ের ৯০ শতাংশ জুড়ে মেলা ও হাউজি চলছে। এটি কারা চালাচ্ছে তা আমি বলতে পারব না।’ তিনি আরও বলেন, মেলার কারণে বিদ্যালয়ের শুধু প্রভাতি শাখাই চালু রয়েছে। কিন্তু দিবা শাখার ক্লাস বন্ধ রাখা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে।
মেলা আয়োজক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মকসেদ আলী বলেন, জেলা প্রশাসকের কাছ থেকে মেলা চালানোর অনুমতি নেওয়া আছে।
ইউএনও আবদুল্লাহ আল খাইরুম জানান, জেলা প্রশাসকের কার্যালয় থেকে মেলার অনুমতি দেওয়া হয়েছে। তবে ধুকুরঝাড়ী দ্বি-মুখী উচ্চবিদ্যালয় মাঠে হাউজি-জুয়া চলছে এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই।
দিনাজপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তৌহিদুল ইসলাম বলেন, ধুকুরঝাড়ী পশুমেলার জন্য ২০ দিনের অনুমতি দেওয়া হয়েছে। এতে গ্রামীণ ঐতিহ্য এবং সংস্কৃতি তুলে ধরে এমন পণ্যের বিক্রয় ও বিপণনের অনুমতি আছে। কিন্তু বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে হাউজি বা লটারি পরিচালনার কোনো অনুমতি দেওয়া হয়নি। এ ধরনের কিছু হলে মেলার অনুমতি বাতিল করা হবে।