পাঠদান বন্ধ থাকলেও উপবৃত্তির টাকা উত্তোলন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার তিনটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ থাকার পরও প্রধান শিক্ষককেরা শিক্ষার্থীদের নামে উপবৃত্তির টাকা তুলছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিদ্যালয় তিনটি হলো রাজাগাঁও ইউনিয়নের অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয়, আউলিয়াপুর ইউনিয়নের ভাতগাঁও নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পূর্ব শুখানপুখুরীর পালপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মাধ্যমিক শিক্ষা বৃত্তি প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও সদর উপজেলার ২০২টি বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেওয়া হয়। চলতি বছরের জুলাই মাসে বছরের প্রথম দফার উপবৃত্তি দেওয়া হয়েছে। এ দফায় ভাতগাঁও নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থী, অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব শুখানপুখুরীর পালপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের চারজন শিক্ষার্থীর বিপরীতে উপবৃত্তির টাকা তোলা হয়।
বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকার পরও উপবৃত্তির টাকা তোলার কারণ সম্পর্কে ভাতগাঁও নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গফফার বলেন, জুলাই মাসে স্কুলে কিছু শিক্ষার্থী ছিল। এ কারণে প্রথম দফার উপবৃত্তির টাকা তুলেছি। এরপর তা বন্ধ করে দিয়েছি।’
পূর্ব শুখানপুখুরীর পালপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র পাল বলেন, বছরের শুরুতে ১৫ থেকে ১৬ জন শিক্ষার্থী ভর্তি করানোর পর তারা স্কুল ছেড়ে দেয়। এখন শিক্ষার অনুমতি ধরে রাখতে কিছুটা কৌশল নিতে হয়েছে।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি সুশীল চন্দ্র বলেন, স্কুলটি ভালো চলছে না বলেই জেএসসির পাঁচ পরীক্ষার্থীও অন্য স্কুল থেকে পরীক্ষা দিয়েছে। বেশ কিছুদিন বিদ্যালয়ে নজর দেওয়া হয়নি বলে তারা এমন সব কাজ করেছে। এখন আর উপবৃত্তির টাকা উত্তোলন করা হবে না।
অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মোশারুল ইসলাম বলেন, ‘স্কুলটি চলছে না দেখে আমি পরিচালনা পর্ষদের সভাপতি পদ থেকে দেড় বছর আগে ইস্তফা দিয়েছি।’
এ বিষয়ে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন জানান, উপবৃত্তির তালিকায় থাকা বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে—এমন তথ্য তাঁর কাছে নেই। বিষয়টি তিনি এই মাত্র শুনলেন। তিনি দাবি করেন, জনবল-সংকটের কারণে সব সময় তদারকি করা যায় না। তবে অনিয়মের খবর পেলে যাচাই করে স্কুলের উপবৃত্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
গত শনিবার সদর উপজেলার চাপাতি গ্রামে অগ্নিবীণা নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, মাঠের দক্ষিণ পাশে ছোট-বড় ছয়টি ঘর রয়েছে। চালাবিহীন দুটি ঘর ও শৌচাগারে জঙ্গল জন্মে ভুতুড়ে পরিবেশ সৃষ্টি হয়েছে। ঘরগুলোতে কোনো বেঞ্চ, চেয়ার ও টেবিল নেই। সে সময় কথা হয় বিদ্যালয়ের অফিস সহকারী পলাশ চন্দ্র বর্মণের সঙ্গে। তিনি জানান, সরকারি সুযোগ-সুবিধা না পাওয়ায় ২০১২ সালের শেষ দিকে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যায়। শিক্ষকেরা এখন আর এই বিদ্যালয়ে আসেন না। এ বছরের জেএসসি পরীক্ষায় এ বিদ্যালয় থেকে দুই শিক্ষার্থীর নামে ফরম পূরণ করা হলেও তারা পরীক্ষায় অনুপস্থিত ছিল।
সরেজমিনে ভাতগাঁও নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়টি বন্ধ পাওয়া গেছে। ওই সময় কথা হয় ওই গ্রামের বাসিন্দা কিয়াম উদ্দিনের সঙ্গে। তিনি জানান, এ বছরের শুরুতে সব ছাত্র স্কুল ছেড়ে চলে যায়। এর পর থেকে স্কুলটি বন্ধ রয়েছে।
পূর্ব শুখানপুখুরীর পালপাড়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও একই অবস্থা দেখা গেছে।