জামালপুরের সরিষাবাড়ী উপজেলার বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পাঠদান শুরু করার দাবিতে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ভাঙচুর চালিয়ে প্রধান ফটক ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে। গতকাল বুধবার এ ঘটনা ঘটে।
শিক্ষাপ্রতিষ্ঠানটির কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ৮০০ শিক্ষার্থী ও ২৪ জন শিক্ষক আছেন। বন্যার অজুহাত দেখিয়ে শিক্ষকেরা এক সপ্তাহ ধরে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখেছেন। তাই পাঠদান শুরু করার দাবিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা গতকাল বেলা ১১টায় প্রধান ফটক ও কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। একপর্যায়ে তারা দুটি দরজা ও জানালার কাচ ভাঙচুর করে।
বাউসী বাঙ্গালী স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, বন্যার কারণে শিক্ষার্থী কম আসায় কর্তৃপক্ষ পাঠদান বন্ধ রেখেছে। তবে অবস্থার উন্নতি হলে শিগগিরই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।
দশম শ্রেণির শিক্ষার্থী হাফেজ মিয়া ও নাজমুল ইসলাম বলে, এক সপ্তাহ ধরে ক্লাস না হওয়ায় বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী মিম আক্তার বলে, ‘স্যাররা ক্লাস না নেওয়ায় দশম শ্রেণির ভাইয়েরা ফটকে তালা ঝুলাই দেয়। এই ঘটনা দেখে স্কুল থেকে দৌড়ে-পালায়ে বাড়িতে আইছি।’