পাঠ্যপুস্তক বিতরণে অর্থ আদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ে বিনা মূল্যের বই দিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১ জানুয়ারি থেকে এ বিদ্যালয়ে নতুন পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়।
বিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর অভিভাবকেরা বলেন, পাঠ্যপুস্তক পুঁজি করে বিদ্যালয় কর্তৃপক্ষ টাকা নিয়েছে। টাকা দিতে না পারায় অনেক শিক্ষার্থী খালি হাতে বাড়ি ফিরেছে।
সরেজমিনে কথা হয় খামারকান্দি পশ্চিমপাড়া গ্রামের ছাত্র সেলিম রেজার সাঙ্গে। সে বলে, ‘আমার বাবা ভ্যানচালক। প্রধান শিক্ষকের কথামতো ৪৫০ টাকা দিতে না পারায় আমাকে এ বছর নতুন বই দেওয়া হয়নি। গত শুক্র ও শনিবার স্কুলে গিয়েছিলাম, কিন্তু বই পাইনি।’
বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া নতুন ছাত্র পারভেজ বলে, শিক্ষকেরা ২০০ টাকা নিয়ে তাকে নতুন বই দিয়েছে। টাকা নেওয়ার কোনো রসিদ দেয়নি।
খামারকান্দি ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শরীফ উদ্দিন বলেন, বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্দেশে প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণের সময় বিদ্যালয়ের সেশন ফি ও বেতনের টাকা নেওয়া হয়। এ নিয়ম ২০১১ সাল থেকে চালু রয়েছে।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ফজলুল হক বলেন, টাকা আদায় অবৈধ কিছু নয়। আদায়কৃত টাকা শিক্ষকদের মাসিক বেতন ও বিদ্যালয় উন্নয়নে ব্যয় করা হবে।
পাঠ্যপুস্তক বিতরণে টাকা নেওয়ার এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বাদশা মিয়া ও শিক্ষার্থীর অভিভাবকেরা গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, ওই বিদ্যালয়ের নতুন পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে এ ধরনের অভিযোগ তিনি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, পাঠ্যপুস্তক বিতরণে টাকা আদায় সরকারি নির্দেশের পরিপন্থী।