পাথর কোয়ারির নিয়ন্ত্রণ নিতেই আবদুল আলী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলাগঞ্জ পাথর কোয়ারির নিয়ন্ত্রণ নিতে সিলেটের কোম্পানীগঞ্জের পাথর ব্যবসায়ী আবদুল আলীকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডে ৩০ জনের একটি দল অংশ নিলেও পেছনে প্রভাবশালী পাথর ব্যবসায়ীদের মদদ ছিল।
আবদুল আলীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হওয়া তেলিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবদুল ওদুদ ওরফে আলফু মিয়া গত শনিবার হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেওয়ার সময় এসব কথা বলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের কাটাখাল এলাকায় আবদুল আলীকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান আবদুল ওদুদ ওরফে আলফু মিয়াকে সীমান্ত এলাকা থেকে গত শনিবার সকালে পুলিশ আটক করে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন দাবি করেন, ধরা পড়ার পর আলফু মিয়া পুলিশের কাছে আবদুল আলী হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেন। এ কারণে এ ঘটনায় হওয়া মামলার তাঁকে প্রধান আসামি হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। আলফু হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হলে সিলেটের মুখ্য বিচারিক হাকিম (চতুর্থ) কুদরত-ই-খোদা তাঁর জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করেন। জবানবন্দি রেকর্ডের পর তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, জবানবন্দিতে আলফু হত্যার কারণ সম্পর্কে পাথর ব্যবসায় আবদুল আলীর দাপট, ভোলাগঞ্জ পাথর কোয়ারির নিয়ন্ত্রণ ও ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণের বিষয়টি উল্লেখ করেন। আলফু বলেন, ‘আমাকে সে (আবদুল আলী) খুব ডিস্টার্ব করছিল। গত ঈদের পর থেকে আমি বিষয়টি নিয়ে আমার কিছু মানুষের সঙ্গে কথা বলে তাঁকে হত্যার পরিকল্পনা করি।’
আলফু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য। আবদুল আলী যুবলীগের কর্মী ছিলেন। আলফু জবানবন্দিতে হত্যার মদদদাতা হিসেবে ভোলাগঞ্জে রাজনৈতিকভাবে প্রভাবশালী সাতজন পাথর ব্যবসায়ীর নামও উল্লেখ করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে কোম্পানীগঞ্জ থানার ওসি ঘটনা তদন্তের স্বার্থে এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি জানান, হত্যাকাণ্ডে অংশ নেওয়া যে ৩০ জনের নাম এসেছে, মামলায় আলফু ছাড়া বাকি ২৯ জনকে আসামি করা হয়েছে। এর পরও কেউ সংশ্লিষ্ট থাকলে তদন্তের মাধ্যমে তাঁদের নাম বের করা হবে।