পাথর লুটেরাদের খপ্পরে পড়ে বিবর্ণ রাংপানি নদী
সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীর উৎসমুখের ২০ একরের বেশি জায়গা দখল করে যন্ত্র বসিয়ে শুরু হয়েছে বেপরোয়া পাথর উত্তোলন। এমনকি উত্তোলিত পাথর পরিবহন করতে শুকিয়ে যাওয়া নদীর বুক চিরে ট্রাক চলাচলের রাস্তাও করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলীর নেতৃত্বে অন্তত ১৯ জন প্রভাবশালী পাথর ব্যবসায়ী রাংপানির উৎসমুখ দখল ও পাথর লুটপাটে যুক্ত বলে স্থানীয় সূত্রগুলো জানায়। উপজেলা প্রশাসন ‘এই তৎপরতা ঠেকাতে না পেরে’ গত ২৩ ডিসেম্বর পাথর উত্তোলনে খাস কালেকশন (তাৎক্ষণিক খাজনা আদায়) প্রথা চালু করে।
কিন্তু পরিবেশ সংরক্ষণ আইনে বলা হয়েছে, জলাভূমি হিসেবে চিহ্নিত কোনো ভূমি ভরাট ও শ্রেণি পরিবর্তন করা যাবে না। করলে দুই থেকে ১০ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকার জরিমানা করা হবে।
এভাবে নদীর উৎসমুখে পাথর উত্তোলন পরিবেশগত বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান মুশতাক আহমদ। তিনি প্রথম আলোকে বলেন, শুকিয়ে যাওয়া অংশে পাথর উত্তোলনের ফলে বর্ষা মৌসুমে নদীর দুই পাড়ে ব্যাপক ভাঙন দেখা দিতে পারে।
সম্প্রতি রাংপানি নদীর উৎসমুখ শ্রীপুর এলাকায় দুই দফায় সরেজমিনে দেখা গেছে, পুরো এলাকা আওয়ামী লীগের নেতা লিয়াকত আলীর লোকজন নিয়ন্ত্রণ করছেন। পরিস্থিতি এমনই যে সংবাদকর্মী পরিচয় গোপন রেখে সেখানে তথ্য সংগ্রহ করতে হয়েছে। দেখা গেছে, রাংপানির উৎসমুখের উজানে একটি বাঁধ দিয়ে পানির প্রবেশ বন্ধ রাখা হয়েছে। বাঁধের ভাটির দিকে বিশাল জায়গায় পাথর উত্তোলন করতে শতাধিক গর্ত করা হয়েছে। এসব গর্ত থেকে ‘সেভ মেশিন’ (নিষিদ্ধ বোমা মেশিনের মতো পাথর উত্তোলনযন্ত্র) দিয়ে পাথর তোলা হয়। এ রকম ২৭টি গর্তে ৩৫টি যন্ত্র চলতে দেখা গেছে।
পাথরশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাঁরা একেকটি গর্ত চুক্তিতে নিয়েছেন। পাথর তুলে ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ফুট হিসাবে দাম এবং ‘বাঁশকল’ বসিয়ে প্রতি ট্রাক থেকে ২৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় হয়। পাথরের ফুট হিসাবে আদায় করা টাকার পুরোটা আওয়ামী লীগ নেতাদের। আর বাঁশকল থেকে পাওয়া টাকার একাংশ প্রশাসনকেও দেওয়া হয়।
পাথরশ্রমিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া হিসাব অনুযায়ী, প্রতিদিন শুধু বাঁশকল থেকে দুই-আড়াই লাখ টাকা আদায় হয়। এ ছাড়া পাথর উত্তোলনযন্ত্র, যন্ত্র চালানো ও ট্রাক পরিবহনের জন্যও বিভিন্ন হারে টাকা ধার্য করা রয়েছে। পাথর উত্তোলনযন্ত্র পরিচালনায়ও আলাদাভাবে দৈনিক দুই থেকে সাত হাজার টাকা দেওয়া হয়।
জানতে চাইলে মুঠোফোনে লিয়াকত আলী বলেন, ‘এসব ভুয়া। ওই খান (রাংপানির উৎসমুখ) থেকে প্রতিবছরই গর্ত করে পাথর তোলা হয়। এটি গভর্নমেন্ট প্রোপার্টি। দখল বা নিয়ন্ত্রণ করার প্রশ্নই আসে না।’
লিয়াকত আলী বলেন, ‘কে অভিযোগ করেছে, কার কাছে করেছে—এসবের কোনো কিছুই তো আমি পাইনি, জানিও না। আসলে খাস কালেকশন তো গভর্নমেন্ট করে। আমার কিছু লোকজন এতে সহায়তা করে থাকতে পারে।’
রাংপানির পাথর অনেকটা লুটের মতো উত্তোলন হওয়ায় উপজেলা প্রশাসন খাস কালেকশন দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ খালেদুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ২৩ ডিসেম্বর থেকে বাঁশকলপ্রথা চালু করা হয়। এ পর্যন্ত ১০ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা। কিন্তু এখনো কোনো টাকা জমা পড়েনি।