পাথর সরবরাহের দরপত্রেও সমঝোতার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের পাথর সরবরাহের দরপত্রেও সমঝোতার অভিযোগ উঠেছে। প্রাক্কলিত দরের চেয়ে বেশি দরে দরপত্র ফেলা হয়েছে। গত সোমবার এই দরপত্র ফেলার শেষ দিন ছিল। আগের রাতে ঠিকাদারদের মধ্যে এই সমঝোতার ঘটনা ঘটে।
ঠিকাদারদের হিসাবমতে, এই সমঝোতার কারণে সরকারের এক কোটির বেশি টাকা গচ্চা যাচ্ছে। অথচ কয়েক মাস আগে একই ধরনের কাজের জন্য প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম দরে কাজ দেওয়া হয়েছে। আগের মতো প্রতিযোগিতামূলক দরে কাজ দেওয়া হলে সরকারের তিন কোটি টাকা সাশ্রয় হতো।
এর আগে ৫ ডিসেম্বর পশ্চিম রেলের ‘এইচ বিম’ সরবরাহ ও স্থাপনের ২০ কোটি টাকার কাজে একইভাবে সমঝোতা হয় বলে অভিযোগ ওঠে। তখনো নির্ধারিত মাত্র তিনটি প্রতিষ্ঠান দরপত্র ফেলে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিম রেলের হরিয়ান, রায়গঞ্জ, মুলাডলী ও যশোর স্টেশনে পাথর সরবরাহের জন্য গত ১০ নভেম্বর দরপত্র আহ্বান করা হয়। দরপত্র কেনার শেষ দিন ছিল গত রোববার। এই চার গ্রুপের কাজের জন্য প্রতি গ্রুপে ১৮ থেকে ২০টি করে দরপত্র বিক্রি হয়েছে। প্রতি গ্রুপের ৩ হাজার ২০০ ঘনমিটার করে পাথর সরবরাহের জন্য প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১ কোটি ৬৫ লাখ টাকা।
সূত্রমতে, রোববার রাতে ঠিকাদারদের মধ্যে সমঝোতা হয়। সোমবার দুপুর ১২টায় জমা দেওয়ার শেষ দিনে প্রতিটি গ্রুপ থেকে মাত্র তিনটি করে দরপত্র জমা দেওয়া হয়। এতে ঠিকাদারেরা ৫ হাজার ৮০০ থেকে ৬ হাজার টাকা ঘনমিটার হিসাবে দর দিয়েছে। সেই হিসাবে প্রতি গ্রুপের ৩ হাজার ২০০ ঘনমিটার পাথরের জন্য ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার থেকে শুরু করে ১ কোটি ৯২ লাখ টাকা পর্যন্ত দর হয়েছে। দেখা যাচ্ছে, প্রাক্কলিত ব্যয়ের চেয়ে তাঁরা প্রায় ২৭ লাখ টাকা পর্যন্ত বেশি দর দিয়েছেন।
অথচ কয়েক মাস আগে কুষ্টিয়া, বগুড়ার সান্তাহার ও গাইবান্ধার বামনডাঙ্গায় একই ধরনের কাজ শুরু হয়েছে। ওই ঠিকাদারেরা প্রাক্কলিত দরের চেয়ে প্রায় ৪০ থেকে ৪৫ শতাংশ কম দরে কাজ নিয়েছেন। সেই দরে প্রতি ঘনমিটার পাথরের দাম পড়েছিল ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা। এ রকম প্রতিযোগিতামূলক দরে কাজ দিলে চার গ্রুপের কাজে তিন কোটি টাকার বেশি সাশ্রয় হতো।
ঠিকাদারদের একাংশের অভিযোগ, চোখের সামনে প্রতিযোগিতামূলক দরের আগের কাজগুলো চলমান থাকতেই সমঝোতার মাধ্যমে সরকারের অর্থ লোপাটের আয়োজন করা হয়েছে। প্রতিটি গ্রুপের কাছ থেকে মধ্যস্থতাকারীরা ১৭ লাখ টাকা করে হাতিয়ে নিয়েছেন।
এ ব্যাপারে দরপত্রের সঙ্গে সংশ্লিষ্ট পশ্চিম রেলের কোনো কর্মকর্তা সরাসরি তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন। তবে প্রধান প্রকৌশলী রমজান আলী বলেছেন, বেশি দরে দরপত্র ফেলা হয়েছে, এমন খবর তাঁর কানে আসেনি। তবে যাঁরা আগে ৪৫ শতাংশ কম দরে কাজ নিয়েছিলেন, তাঁরা এখন আর কাজ করতে পারছেন না। তাঁরা নয়ছয় করে কাজ করতে পারবেন না। তাঁরা ২০৪ কিউবিক মিটার পাথর এনে আর পারছেন না। পুরো পাথর আনার পর তিনি তাঁদের রেলপথে পাথর ফেলতে দেবেন।
রমজান আলী তথ্যের জন্য রেলওয়ের ট্রাক সাপ্লাই অফিসার (টিএসও) মনিরুজ্জামানের ফোন নম্বর দেন। মনিরুজ্জামান স্বীকার করেন, প্রতিটি গ্রুপে তিনটি করে দরপত্র পড়েছে। প্রাক্কলিত দরের চেয়ে বেশি দর দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘হলেও হতে পারে।’ তাঁরা কত দর দিয়েছেন, এ প্রশ্নে তিনি বলেন, ‘এভাবে বলা ঠিক হবে না।’