পাথরঘাটায় তরুণ লীগের তাণ্ডব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলায় তরুণ লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে এক পুলিশ হাবিলদারের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
উপজেলার মঠেরখাল, ছোট টেংরা ও নিজ লাঠিমারা গ্রামে গত বুধবার এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ৩৫টি মোটরসাইকেল নিয়ে শতাধিক যুবক মঠেরখাল গ্রামে যায়। তাঁদের নেতৃত্ব দেন উপজেলা তরুণ লীগের সভাপতি বায়েজিদ মোরশেদ, পাথরঘাটা পৌর তরুণ লীগের সভাপতি আবদুল্লাহ আল মামুন ও পাথরঘাটা সদর ইউনিয়ন তরুণ লীগের সভাপতি মো. ফিরোজ।
তাঁরা ওই গ্রামের পুলিশের হাবিলদার গোলাম মোস্তফার (পটুয়াখালীর কলাপাড়া থানায় কর্মরত) বাড়িতে গিয়ে তাঁর ছেলে বায়েজিদ হোসেনের খোঁজ করেন। তাঁকে না পেয়ে যুবকেরা ঘরে ঢুকে আসবাব, টেলিভিশনসহ সবকিছু ভাঙচুর করেন। পরে বাড়ির সামনের একটি শৌচাগারেও তাঁরা ভাঙচুর চালান।
গোলাম মোস্তফার স্ত্রী রাজিয়া বেগম অভিযোগ করেন, বাড়ির সবকিছু তছনছ করার পর হামলাকারীরা দুটি ল্যাপটপ ও কয়েক ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
গোলাম মোস্তফার ছেলে বায়েজিদ বলেন, বুধবার সকালে পাথরঘাটা চৌধুরী মাসুম কৃষি কলেজের সামনে তরুণ লীগের দুই কর্মী হাসান ও কিবরিয়ার মধ্যে মারামারি হয়। যদিও তিনি তরুণ লীগের সদস্য নন, তার পরও এ ঘটনায় তাঁর ওপরে দোষ চাপানো হচ্ছে। মঠেরখাল গ্রামের তিনজন যুবক বলেন, কিবরিয়া ও গোলাম মোস্তফার ছেলে বায়েজিদের মধ্যে আগে থেকেই কিছু সমস্যা আছে। এ জন্য কিবরিয়া তাঁর দলের ওপর প্রভাব খাটিয়ে বায়েজিদের বাড়িতে হামলা চালাতে পারে।
মঠেরখাল গ্রামের পরে হামলাকারীরা পাশের ছোট টেংরা গ্রামের হোসেন আলী হাওলাদার ও নিজ লাঠিমারা গ্রামের আবদুল ওহাব হাওলাদারের বাড়িতেও হামলা ও ভাঙচুর চালায়। তিনটি গ্রামে প্রায় দুই ঘণ্টা এই তাণ্ডব চলে। এ সময় ভয়ে আশপাশের লোকজন আতঙ্কে বাড়িঘর ছেড়ে দৌড়ে পালাতে থাকে।
তরুণ লীগের সভাপতি বায়েজিদ মোরশেদ বলেন, ‘আমি ওই হামলার সঙ্গে জড়িত নই। কিবরিয়া নামে এক কর্মীর সঙ্গে গোলাম মোস্তফার ছেলে বায়েজিদের পূর্বশত্রুতা আছে। এর জের ধরে কিবরিয়া এ হামলা করতে পারে।’
পরে বিকেলে পাথরঘাটা-বামনা বেতাগী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এসএসপি) আবদুর রব ও পাথরঘাটা থানার ওসি শাহনেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় গোলাম মোস্তফার স্ত্রী রাজিয়া বেগম বাদী হয়ে তরুণ লীগের সভাপতি বায়েজিদ মোরশেদসহ ১৭ জনের বিরুদ্ধে পাথরঘাটা থানায় মামলা করেছেন। থানার ওসি বলেন, এ ঘটনায় কারা জড়িত তা জানা যায়নি। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।