পাথরঘাটায় তিনটি হরিণের চামড়া উদ্ধার
বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব গতকাল বুধবার সকালে বলেশ্বর নদসংলগ্ন চরদুয়ানী ইউনিয়ন থেকে চামড়াগুলো উদ্ধার করে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮-এর বরিশাল ক্যাম্প অধিনায়ক এএসপি আছাদুজ্জামান গতকাল দুপুরে মুঠোফোনে এ খবর নিশ্চিত করেছেন।
র্যাব-৮ ও পাথরঘাটা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ইউনিয়নের দক্ষিণ জ্ঞানপাড়া গ্রামের একটি বাগানে পরিত্যক্ত অবস্থায় চামড়াগুলো পাওয়া যায়। হরিণের চামড়াগুলো প্রথমে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। গতকাল দুপুরে সেগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. ছোলায়মান হাওলাদার বলেন, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, ওই তিনটি চামড়া সুন্দরবনের হরিণের। স্থানীয় পাচারকারীরা হরিণ শিকার করে এ এলাকায় নিয়ে এসেছিল।