বরগুনার পাথরঘাটায় গত সোমবার দিবাগত রাতে গাছসহ আটক ট্রলার ও দুই বনপ্রহরীকে অপহরণ করা হয়। এর প্রায় আট ঘণ্টা পর দুজনকে উদ্ধার করা হয়। বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. ছোলায়মান হাওলাদার এ কথা জানিয়েছেন।
বন বিভাগের হরিণঘাটা বিট কর্মকর্তা মো. হুমায়ুন কবির তালুকদার বলেন, সোমবার রাতে হরিণঘাটা বনে প্রহরীর দায়িত্বে ছিলেন ওই বিটের নৌযান চালক মো. রুহুল আমিন ও বনকর্মী মো. জলিল। রাত একটার দিকে বনকর্মী জিয়াউদ্দিন কেওড়াগাছসহ আটক করা একটি ট্রলারসহ দুই প্রহরীকে রেখে হরিণঘাটা বন কেন্দ্রে ফিরে যান। তবে গতকাল মঙ্গলবার ভোর থেকে আটক করা ওই ট্রলার ও ওই দুই বনকর্মীর খোঁজ মিলছিল না। পরে লালদিয়ার চরে এলাকার লোকজনকে নিয়ে তল্লাশি চালিয়ে রুহুল আমিন ও জলিলকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, তল্লাশির ঘটনা টের পেয়ে বনকর্মীদের রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পাথরঘাটা থানার ওসি জিএম শাহনেওয়াজ বলেন, ঘটনাটি বন বিভাগ পুলিশকে জানিয়েছে।