পাথরঘাটায় ১৫৫ মণ ইলিশ জব্দ, ১১৪ জেলে আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটায় গত বুধবার দিবাগত রাতে এবং গতকাল বৃহস্পতিবার সকালে সাতটি ট্রলারসহ ১৫৫ মণ ইলিশ জব্দ করেছেন কোস্টগার্ডের সদস্যরা। এ ঘটনায় ১১৪ জেলেকে আটক করা হয়েছে।
কোস্টগার্ডের পাঘরঘাটা ঘাঁটির কমান্ডার লেফটেন্যান্ট এএম রাহাতুজ্জামান জানান, ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ১১ দিনের নিষেধাজ্ঞা শুরুর আগে ওই জেলেরা ট্রলার নিয়ে বঙ্গোপসাগরে যান। এ সময় সাগরে অবস্থান করে মা ইলিশ শিকার করেন তাঁরা। বুধবার রাত ১২টায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে এই জেলেরা ট্রলার নিয়ে কিনারে ফিরছিলেন। খবর পেয়ে কোস্টগার্ডের সদস্যরা বঙ্গোপসাগরের মোহনায় অবস্থান নেন। রাত দুইটার দিকে দুটি এবং গতকাল সকালে আরও পাঁচটি ট্রলার জব্দ করা হয়। এসব ট্রলারে অভিযান চালিয়ে ১৫৫ মণ মা ইলিশ জব্দ করা হয়। এ ঘটনায় ট্রলারের ১১৪ জেলেকে আটক করা হয়। আটক হওয়া জেলে এবং জব্দকৃত মাছ পাথরঘাটা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক এক জেলে জানান, নিষেধাজ্ঞার আগেই উপকূলের কয়েক হাজার মাছ ধরা ট্রলার দ্বিগুণ বরফ ও রসদ নিয়ে সাগরে যায়। এসব ট্রলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে সুন্দরবনসহ কচিখালী, পক্ষীদিয়া ও মেহের আলীর খাল এলাকায় অবস্থান করছে।
স্থানীয়রা জানান, বঙ্গোপসাগরে নিষেধাজ্ঞা মানেননি সমুদ্রগামী ট্রলারের জেলে ও মালিকেরা। গভীর সাগরে অবস্থানরত এই জেলেদের জালে ধরা পড়ে উপকূলে ডিম দিতে আসা ঝাঁকে ঝাঁকে মা ইলিশ।
একজন ট্রলার মালিক জানান, বরগুনা, পাথরঘাটা, তালতলী, মহিপুর ও আলীপুরের সাড়ে তিন থেকে চার হাজার ট্রলার নিষেধাজ্ঞা শুরুর এক দিন আগে সাগরে যায়। সুন্দরবনের বিভিন্ন এলাকায় এসব ট্রলার অবস্থান করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে রফাদফা করে সবুজ সংকেত পেলেই তাঁরা কিনারে ফিরবেন।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র বিশ্বাস বলেন, আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।