পাথরঘাটায় এক মাসে ৪০০ গরু চুরি, ১৬টি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ও চরলাঠিমারা চরাঞ্চল থেকে এক মাসে প্রায় ৪০০ গরু চুরি হয়েছে। ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন আমতলী উপজেলার বিভিন্ন গ্রাম থেকে ১৬টি গরু উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছেন আমতলী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোতাহার উদ্দিন।
ভুক্তভোগীরা জানান, পাথরঘাটার চরলাঠিমারা, বাদুড়তলা, হাঁড়িটানা চরসহ বিভিন্ন চরাঞ্চল থেকে গত এক মাসে প্রায় ৪০০ গরু চুরি হয়। এ কারণে এসব এলাকার কৃষকদের চাষাবাদ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।
চরলাঠিমারা গ্রামের রিপন দফাদার জানান, ১০–১২ দিন আগে তিনি তিনটি গরু পাশের চরে ঘাস খাওয়ানোর জন্য রেখে আসেন। পরে গিয়ে দেখেন, তিনটি গরুই চুরি হয়ে গেছে। এখন পর্যন্ত খোঁজাখুঁজি করে গরুগুলো পাননি।
চরলাঠিমারা এলাকার ইউপি সদস্য ফায়জুল কবির জানান, এক বছর ধরে পাথরঘাটা, আমতলী ও তালতলীর একটি সংঘবদ্ধ চোর চক্র নদীপথে গরু চুরি করছে। গরু চুরির কারণে এ এলাকার কয়েক শ কৃষক সর্বস্বান্ত হয়েছেন। বর্তমানে গরুর অভাবে তাঁদের হালচাষ বন্ধ রয়েছে।
পাথরঘাটা সদর ইউপির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান জানান, ‘এক মাসে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুড়তলা, চরলাঠিমারা ও হাঁড়িটানার চর এলাকা থেকে প্রায় ৪০০ গরু চুরি হয়েছে। একটি সংঘবদ্ধ চোর চক্র গরু চুরির পর ট্রলারে করে নদীপথে আমতলী, কলাপাড়া ও গলাচিপার বিভিন্ন হাটে বিক্রি করে বলে আমরা খবর পেয়েছি।’
এদিকে ১০ সেপ্টেম্বর ভোররাতে আমতলীর পায়রা নদীর লোচার চরে দুটি ট্রলার থেকে ৩০-৪০টি গরু নামাতে দেখেন স্থানীয় জেলেরা। পরে ওই দিনই আমতলীর গরুর হাটে চোরাই ১০টি গরু বিক্রির জন্য নিয়ে আসে চোর চক্র। দুটি গরু বিক্রির পর স্থানীয় গরু ব্যবসায়ীদের সন্দেহ হয়। একপর্যায়ে আটটি গরু ফেলে চোরেরা পালিয়ে যায়। পরে আমতলী সদর ইউপির চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধার জিম্মায় গরুগুলো রাখা হয়। পরদিন ১১ সেপ্টেম্বর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান এবং সংশ্লিষ্ট গরুর মালিকেরা খবর পেয়ে সেগুলো শনাক্ত করে নিয়ে যান।
মোতাহার উদ্দিন মৃধা জানান, ১২ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চার দিন আমতলীর লোচা, নাচনাপাড়া, আড়পাঙ্গাশিয়া ও দক্ষিণ-পশ্চিম আমতলী গ্রামে অভিযান চালিয়ে আরও আটটি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
চরলাঠিমারা গ্রামের কৃষক আবদুস সালাম জানান, তাঁর চারটি গরু চুরি হয়েছে। এর মধ্যে দুটি উদ্ধার করেছেন। ১৬ সেপ্টেম্বর তিনি বাদী হয়ে পাথরঘাটা থানায় একটি চুরির মামলা করেছেন। মামলায় আমতলী ও কলাপাড়া উপজেলা কবির হাওলাদার, মিজানুর রহমান, বশির হাওলাদার, বারেক হাওলাদার, সুলতান, দেলোয়ার হোসেন, শাহজাহান দুয়ারীসহ সাতজনকে আসামি করা হয়েছে।
পাথরঘাটা থানার ওসি জি এম শাহনেওয়াজ বলেন, ‘অনেক দিন ধরেই ওই এলাকায় গরু চুরির ঘটনা ঘটছে। তবে ভুক্তভোগীরা কখনো থানায় অভিযোগ করেননি। স্থানীয় মেম্বার-চেয়ারম্যানদের অবগত করেছেন। মেম্বার-চেয়ারম্যানরাও আমাদের এ বিষয়ে কখনো জানাননি।’