পাথরঘাটায় একাদশ শ্রেণির ভর্তিতে প্রতারণার অভিযোগ
বরগুনার পাথরঘাটা উপজেলায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র আটকে রেখে অন্য কলেজে ভর্তিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
অনলাইনে ভর্তি আবেদন নিয়ে প্রতারণা এবং মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র আটকে রাখার ঘটনায় বেশ কয়েকজন শিক্ষার্থী পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে মৌখিক অভিযোগ করেছেন।
ওই তিনটি প্রতিষ্ঠান হচ্ছে কালমেঘা মুসলিম মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, কাঁঠালতলি সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ ও কিরণপুর মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ।
নাম প্রকাশ না করার শর্তে অন্তত ১৫ জন শিক্ষার্থী ও বেশ কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠান এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের না জানিয়ে দ্রুত অনলাইনে ভর্তির আবেদন করে। এদিকে শিক্ষার্থীরাও তাদের পছন্দমতো কলেজের অনলাইনে ভর্তির আবেদন শুরু করে। কিন্তু আগেই ভর্তির আবেদন করে দেওয়ায় শিক্ষার্থীদের ওই তিন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য নাম তালিকাভুক্ত হয়। একই সঙ্গে তাদের মূল নম্বরপত্র ও প্রশংসাপত্র আটকে রেখে অন্য কলেজে ভর্তিতেও বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তারা। এতে ভোগান্তিতে পড়েছে ওই তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় শতাধিক শিক্ষার্থী।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী বলে, তার পছন্দের কলেজ ছিল ঢাকার কবি নজরুল সরকারি কলেজ। ওই অনুযায়ী আবেদনও করে সে। কিন্তু ফল প্রকাশের পর দেখা যায় তার নাম এসেছে কাঁঠালতলি সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে।
পাথরঘাটা কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর হোসাইন অভিযোগ করেন, পাথরঘাটার কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতারণায় এসএসসি পাস শিক্ষার্থীরা তাদের পছন্দমতো কলেজে ভর্তি হতে পারছে না।
অভিযোগ অস্বীকার করে কাঁঠালতলি সপ্তগ্রাম মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, কারও মূল নম্বরপত্র আটকে রাখা হয়নি, নম্বরপত্র এখন তারা নিচ্ছে। তবে অনলাইনে আবেদন কারা, কীভাবে করেছে তা তিনি জানেন না বলে জানান।
অভিযোগ অস্বীকার করে কালমেঘা মুসলিম মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, ‘অনলাইনে আবেদন আমরা কেউ করিনি। কারা করেছে তা আমরা জানি না। গত বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের নম্বরপত্র দিয়ে দেওয়া হচ্ছে।’
শিক্ষার্থীদের নম্বরপত্র আটকে রাখার কথা স্বীকার করে কিরণপুর মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘আমাদের কলেজ নতুন। শিক্ষার্থী-সংকট রয়েছে। এ কারণে শিক্ষার্থীদের এ কলেজেই ভর্তি করার জন্য এটা করা হয়েছে।’ তবে তিনি বলেন, অনলাইনে কারা কীভাবে আবেদন করেছে, তা তিনি জানেন না।
বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক লিয়াকত হোসেন মুঠোফোনে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ গুরুতর অপরাধ। লিখিত অভিযোগ পেলে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
ইউএনও মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার বলেন, মৌখিক অভিযোগ পেয়েছেন। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অভিযুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সঙ্গে নিয়ে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।