পাথরঘাটায় কলেজ ছাত্রের রগ কর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্ব বিরোধের জেরে দুর্বৃত্তরা বরগুনার পাথরঘাটায় ইসমাইল সিকদার নামের এক কলেজছাত্রের ডান পায়ের রগ কেটে দিয়েছে। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাঁঠালতলি গ্রামে এ ঘটনা ঘটে।
ইসমাইল সিকদার (১৭) স্থানীয় সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। বাড়ি উপজেলার নাচনাপাড়া গ্রামে।
এলাকাবাসী ও ইসমাইলের পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, উপজেলার কাঁঠালতলি সপ্তগ্রাম মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে গত বৃহস্পতিবার থেকে তিন দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়। শুক্রবার মেলার দ্বিতীয় দিনে ইসমাইল কয়েকজন বন্ধুর সঙ্গে মেলায় ঘুরতে যায়। রাত সাড়ে আটটার দিকে পাশের বকুলতলা গ্রামের দুই সহোদর মিরাজ আকন (৩০) ও গিয়াস আকনের (২৫) নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল ইসমাইলকে টেনেহিঁচড়ে মেলা থেকে নিয়ে যায়। এরপর মেলা থেকে প্রায় ১০০ গজ দূরে একটি কালভার্টের ওপর ফেলে তার ডান পায়ের গোড়ালির পেছনের রগ কেটে দেওয়া হয়। এ ছাড়া ডান পায়ে ধারালো অস্ত্র দিয়ে তিনটি পোঁচ দেওয়া হয়। পরে খবর পেয়ে মেলার মাঠের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে। প্রথমে তাকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ইসমাইলের মামাতো ভাই আবদুল লতিফ প্রথম আলোকে বলেন, ওই হাসপাতালে গতকাল শনিবার দুপুরে ইসমাইলের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকেরা তাঁদের জানিয়েছেন, এ সম্পর্কে সাত দিনের আগে কিছু বলা যাচ্ছে না। তবে ইসমাইলকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হবে।
আবদুল লতিফ আরও বলেন, কয়েক দিন আগে স্থানীয় একটি ওয়াজ মাহফিলে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে মিরাজের সঙ্গে ইসমাইলদের কলেজের কয়েকজন ছাত্রের হাতাহাতি হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে ইসমাইলের ওপর এই আক্রমণ চালানো হয়।
স্থানীয় কাঁঠালতলি ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান শহীদুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেন, মিরাজ ও গিয়াসের নেতৃত্বে এ আক্রমণ চালানো হয়।
এ ঘটনায় বক্তব্য জানতে মিরাজ ও গিয়াসের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এলাকার কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, ঘটনার পর থেকে তাঁরা পলাতক।