পাথরঘাটায় জলদস্যু সন্দেহে আটক ১১
বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকায় গত রোববার জলদস্যু সন্দেহে ১১ জনকে আটক করেছে পুলিশ। জেলেদের ট্রলারের ইলিশ লুট করে বিক্রির প্রস্তুতির সময় তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বাগেরহাটের কচুয়ার বগা গ্রামের শুক্কুর আলী হাওলাদার, জাহিদ হাওলাদার, আজিজুল হক, মো. গাউছ মিয়া, পলাশ বাওয়ালী, রুবেল হোসেন, সেকান্দার আলী, নিজাম উদ্দিন হাওলাদার ও একই উপজেলার বিশখালী গ্রামের মফিজুল মোল্লা, পিরোজপুরের নাজিরপুরের কুমারখালী গ্রামের আবদুর রহমান ও একই উপজেলার জুসখোলা গ্রামের নজরুল ইসলাম।
প্রত্যক্ষদর্শী ও এফবি আল্লাহর দান ট্রলারের মালিক আবদুল জলিল বলেন, পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণে সুন্দরবনসংলগ্ন কচিখালী এলাকায় গত শনিবার সন্ধ্যা থেকে রোববার দুপুর পর্যন্ত ট্রলারে দস্যুরা লুটপাট চালায়। এ সময় পাথরঘাটা এলাকার অন্তত পাঁচটি ট্রলারে হানা দিয়ে ইলিশ লুট করে নিয়ে যায় ওই দস্যু বাহিনী। জলদস্যুদের ব্যবহৃত এফবি মা-বাবার দোয়া ট্রলারটি গত রোববার রাতে চরদুয়ানী বাজারসংলগ্ন খালে নোঙর করা অবস্থায় দেখতে পান স্থানীয় জেলেরা। খবর পেয়ে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে ওই ১১ জলদস্যুকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে চরদুয়ানী নৌ-পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) লিটন হোসেন বলেন, সাগরে জেলেদের ট্রলার থেকে ইলিশ লুটের অভিযোগে ওই ১১ জনকে আটক করা হয়েছে। তবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না। এ কারণে তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।